চীনের শেনঝেনে এক নজিরবিহীন ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিন দিনের এশিয়া সফর শেষে আয়োজিত এই বৈঠকে তারা একটি প্রতীকী শান্তি ঘোষণা প্রকাশ করেছেন। ঘোষণায় তিন দেশ পুনর্ব্যক্ত করেছে যে, পারমাণবিক যুদ্ধ কখনোই হওয়া উচিত নয় এবং এমন যুদ্ধে জয়ী হওয়া সম্ভব নয়। তবে ট্রাম্পের দীর্ঘদিনের প্রত্যাশা থাকা অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা বা সময়সীমা সেখানে ঘোষণা করা হয়নি। ইতিহাস গড়া ও শান্তি প্রতিষ্ঠার বিষয়ে ট্রাম্পের নানা দাবি সত্ত্বেও এই সফরে দৃশ্যমান কোনো বড় সাফল্য আসেনি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পারমাণবিক ঝুঁকি কমানো ও বিস্তার রোধে সংলাপ চালিয়ে যাওয়ার কথা বললেও কোনো সময়সীমা দেয়া হয়নি।
সম্মেলনের যৌথ ঘোষণায় জাতিসংঘের সংস্কার সাধন, বৈশ্বিক জ্বালানি পণ্যের সরবরাহ বৃদ্ধি এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) আওতাভুক্ত রাষ্ট্রীয় কর্মকর্তাদের দায়মুক্তি বজায় রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। উল্লেখ্য, ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে তিন বছরেরও বেশি সময় আগে পুতিন ও তার সহযোগীদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছিল আইসিসি। এই বিষয়গুলো নিয়ে আলোচনার মাধ্যমে ট্রাম্পের এই সফরটি শেষ হলেও দৃশ্যমান কোনো বড় সাফল্যের দেখা মেলেনি। উল্টো ইউক্রেন যুদ্ধ চলমান অবস্থায় পুতিন ও শি জিনপিংয়ের সাথে ট্রাম্পের ঘনিষ্ঠতা মার্কিন মিত্রদের মধ্যে বেশ অস্বস্তি তৈরি করেছে।
বৈঠকের এক পর্যায়ে ট্রাম্প পুতিনকে বন্ধু বলে অভিহিত করেন এবং শি জিনপিং তাকে আলিঙ্গন করেন। পরবর্তীতে এনবিসিকে ট্রাম্প জানান, বৈঠকটি অত্যন্ত সফল হয়েছে এবং তিনি একে ১০-এর স্কেলে ১২ নম্বর দেবেন। নিজের যুক্তিতে ট্রাম্প বলেন, ৪ হাজার পারমাণবিক অস্ত্রের অধিকারী ব্যক্তিকে শত্রু হিসেবে রাখার চেয়ে বন্ধু হিসেবে রাখা শ্রেয়। এমনকি ১৯৪৫ সালের ঐতিহাসিক ইয়াল্টা সম্মেলনের চেয়েও শেনঝেন সম্মেলন বড় ছিল বলে দাবি করেন তিনি। তবে ঘোষণাপত্রে ইউক্রেন যুদ্ধ বা ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সংঘাতের কোনো উল্লেখ না থাকায় পুতিন স্বীকার করেন, এতে খুব উচ্চাভিলাষী কোনো লক্ষ্য নির্ধারণ করা হয়নি।
এদিকে মার্কিন রাজনীতিতে এই সম্মেলনের কঠোর সমালোচনা করেছেন ডেমোক্রেট নেতা চাক শুমার। তিনি একে ঐতিহাসিক লজ্জা এবং প্রতিপক্ষের কাছে মাথা নত করার শামিল বলে মন্তব্য করেছেন। লন্ডনের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের আন্তর্জাতিক পরিচালক জোনাথন ইয়াল মনে করেন, এই আলোচনার মাধ্যমে পুতিন একঘরে অবস্থা কাটিয়ে পুনরায় গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। একই সময়ে বার্লিনে ইউরোপীয় মিত্ররা ইউক্রেনের প্রতি সমর্থন পুনর্নিশ্চিত করে সতর্কবার্তা দিয়েছেন। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মের্ৎস স্পষ্ট বলেছেন যে, ইউরোপকে বিভক্ত হতে দেওয়া হবে না এবং ইয়াল্টা ফরম্যাটে শান্তি আসবে না।
ট্রাম্পের বিশেষ দূত জ্যারেড কুশনার অবশ্য দাবি করেছেন, ইউরোপকে নিয়েই শান্তি চুক্তি চান ট্রাম্প এবং রাশিয়া বহুপাক্ষিক আলোচনায় বসতে সম্মত হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ফ্লোরিডায় নিজের গলফ রিসোর্টে জি-২০ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছেন ট্রাম্প। সেখানে আবারও শি জিনপিংয়ের সাথে তার সাক্ষাতের কথা রয়েছে। অন্যদিকে রাশিয়ার পরিস্থিতি বিবেচনা করে পুতিনও ওই সম্মেলনে যোগ দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছেন বলে জানিয়েছেন।