চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় অবস্থিত ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ আগস্ট) সকালে ঘটা এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া বিস্ফোরণে আরও অন্তত ১০ জন শ্রমিক দগ্ধ ও আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শিপইয়ার্ডটির ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ওয়াহিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেছেন। এদিকে, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম জানিয়েছেন, তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন এবং সেখানে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।