সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর জন্য দিল্লিস্ত বাংলাদেশ হাইকমিশনে একটি আবেদনপত্র জমা পড়েছে। তবে ইমেইল মারফত আসা এই আবেদনটি আদৌ শেখ হাসিনার কি না, তা নিয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। হাইকমিশন সূত্রে জানা গেছে, লন্ডনভিত্তিক আইনজীবীদের প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর পক্ষ থেকে এই আবেদন পাঠানো হয়েছে। কিন্তু এতে শেখ হাসিনার কোনো অনুমোদন বা স্বাক্ষরের প্রমাণ নেই। এই আবেদনপত্রটি ইতিমধ্যেই ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
এ বিষয়ে সোমবার দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, পলাতক অবস্থায় থাকা শেখ হাসিনাকে নতুন কোনো পাসপোর্ট ইস্যু করার সুযোগ নেই। আইনগতভাবে কোনো পলাতক ব্যক্তি এ ধরনের সুবিধা পেতে পারেন না বলে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন। একইসঙ্গে তিনি পলাতক শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার দাবি পুনর্ব্যক্ত করেন।
এর আগে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে দাবি করা হয় যে, শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে দীর্ঘ শাসনের অবসান হওয়ার দুই বছরের বেশি সময় পর তার এই উদ্যোগের খবর প্রকাশ্যে এল। বর্তমানে বাংলাদেশে তার দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।
দিল্লির বাংলাদেশ দূতাবাসে ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো ওই চিঠিতে দাবি করা হয়েছে, বর্তমান অন্তর্বর্তী সরকার কর্তৃক তার আগের পাসপোর্ট ও এনআইডি বাতিলের খবরের প্রেক্ষিতেই নতুন করে আবেদনের প্রয়োজন পড়েছে। চিঠিতে মক্কেলের জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। তবে এই আবেদনটি শেষ পর্যন্ত আইনি ও রাজনৈতিক ক্ষেত্রে নতুন কোনো উত্তেজনার জন্ম দেয় কি না, তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।