নিজস্ব প্রতিবেদক ঃ বাজেট শুধু অর্থনীতির হিসাব-নিকাশ নয়, এটি মানুষের দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। প্রতি বছরের মতো এবারও ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট ঘোষণার পর সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে কোন পণ্যের দাম কমবে আর কোনটির দাম বাড়বে।
প্রস্তাবিত বাজেটে নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যের ওপর উৎসে কর কমানো হয়েছে। ফলে ধান, চাল, গম, আলু, গবাদিপশু, হাঁস-মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্যতেল ও বীজসহ বিভিন্ন মৌলিক কৃষি ও ভোগ্যপণ্যের দাম কমার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে শিশুখাদ্যের দামও কমবে। এছাড়া আমদানি করা সব ধরনের মসলা ও খেজুরের ওপর ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করায় এসব পণ্যের দামও কমবে।
শিল্প ও ভোগ্যপণ্যে বড় ছাড়
শিল্পখাতে বিভিন্ন কর-শুল্ক ছাড়ের ফলে ওয়াশিং মেশিন, ইলেকট্রিক ওভেন, মাইক্রোওয়েভ ওভেন এবং এলপিজি সিলিন্ডারের দাম কমবে। এছাড়া দেশে উৎপাদিত ট্রান্সফরমার, ডিটারজেন্ট, দেশীয় মোটর ও বাইসাইকেলের যন্ত্রাংশের দামও কমার সুযোগ তৈরি হয়েছে।
স্থানীয়ভাবে উৎপাদিত স্কিন কেয়ার ও সৌন্দর্যচর্চার পণ্য এবং নির্মাণসামগ্রীর মধ্যে সিমেন্টের দামও কমবে। কফির কাঁচামাল আমদানিতে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করায় কফিপ্রেমীরাও স্বস্তি পাবেন।
এদিকে স্বর্ণ ও স্বর্ণালংকারের দাম কমার ইঙ্গিত দেওয়া হয়েছে। জুয়েলারি পণ্য তৈরিতে প্রতি ভরি স্বর্ণের ওপর আড়াই হাজার টাকা ভ্যাট নির্ধারণ করা হয়েছে।
ব্যাংক হিসাব ও সৌরবিদ্যুতে সুবিধা
ব্যাংক হিসাবে আবগারি শুল্ক আরোপের সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা করা হয়েছে। অর্থমন্ত্রী জানিয়েছেন, একটি হিসাব থেকে বছরে মাত্র একবার আবগারি শুল্ক কাটা হবে।
সৌরবিদ্যুৎ ব্যবহারকারীদের জন্যও রয়েছে সুখবর। সৌরবিদ্যুৎ বিল পরিশোধে ৫ শতাংশ কর রেয়াত দেওয়া হবে। পাশাপাশি সৌরবিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে ২০৩১ সালের জুন পর্যন্ত সব ধরনের শুল্ক শূন্য রাখার প্রস্তাব করা হয়েছে।
তথ্যপ্রযুক্তি খাতে করছাড়
প্রস্তাবিত বাজেটে মোবাইল ফোন, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, এটিএম মেশিন ও সিসিটিভি ক্যামেরার দাম কমতে পারে। একইসঙ্গে ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, প্রিন্টার ও মনিটরের দামও কমার সম্ভাবনা রয়েছে।
স্মার্টকার্ড, ডেবিট ও ক্রেডিট কার্ড উৎপাদনের খরচ কমবে। এছাড়া মোবাইল নেটওয়ার্ক সেবা খাতে উৎসে কর কমানোর প্রস্তাব রাখা হয়েছে।
কৃষিখাতে স্বস্তি
কীটনাশক ও বালাইনাশক উৎপাদনের জন্য ৩৬টি কাঁচামাল আমদানিতে মূসক শূন্য করা হয়েছে। ফলে সারের দাম কমতে পারে। এছাড়া ভেটেরিনারি ওষুধ, পোল্ট্রি ও ডেইরি শিল্পের খাদ্য উৎপাদন ব্যয়ও কমবে।
তবে আমদানি করা কাজুবাদামের দাম বাড়তে পারে বলে বাজেট প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।
স্বাস্থ্যখাতে বড় সুবিধা
কিডনি ডায়ালাইসিসের ফিল্টার আমদানিতে শুল্ক কমানোর ফলে রোগীদের প্রতিবার ডায়ালাইসিসে প্রায় ৮০০ টাকা পর্যন্ত খরচ কমতে পারে।
বিশ্বমানের ক্যান্সার প্রতিরোধী ওষুধ উৎপাদনে উৎসাহ দিতে আমদানি তালিকায় নতুন ৯টি উপকরণ যুক্ত করে সেগুলোর আমদানি শুল্ক ও ভ্যাট শূন্য করা হয়েছে।
বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য ১৫টি পণ্যের অগ্রিম আয়কর ১ শতাংশ কমানোর প্রস্তাব রাখা হয়েছে।
এছাড়া হৃদরোগীদের ব্যবহৃত স্টেন্টের দাম প্রায় ২০ হাজার টাকা এবং চোখের লেন্সের দাম প্রায় ৫ হাজার টাকা পর্যন্ত কমতে পারে।
ইলেকট্রিক গাড়িতে সুবিধা, কিছু গাড়ির দাম বাড়বে
পরিবেশবান্ধব ইলেকট্রিক গাড়ি ও এর যন্ত্রাংশের ওপর কর-শুল্ক ছাড় দেওয়ায় এসব পণ্যের দাম কমতে পারে। স্থানীয়ভাবে উৎপাদিত ইলেকট্রিক বাস ও ট্রাকের দামও কমবে।
অন্যদিকে ১২০০ থেকে ১৬০০ সিসি ক্ষমতার অভ্যন্তরীণ দহন ইঞ্জিন (আইসি) চালিত গাড়ির দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।
কন্টেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের জন্য সুখবর
বাজেটে কন্টেন্ট ক্রিয়েটরদের আয় শতভাগ করমুক্ত ঘোষণা করা হয়েছে। পাশাপাশি স্টার্টআপ, উদ্ভাবনী উদ্যোগ, প্রযুক্তিনির্ভর ব্যবসা এবং ফ্রিল্যান্সারদের ভ্যাট থেকে অব্যাহতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
মোবাইল সিমের কর প্রত্যাহার
সরকারের প্রায় ১ হাজার ২০০ কোটি টাকার রাজস্ব ক্ষতির আশঙ্কা থাকলেও মোবাইল সিমের ওপর আরোপিত ৩০০ টাকার কর প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।
সিগারেটের দাম বাড়ছে
প্রস্তাবিত বাজেটে সিগারেটের খুচরা মূল্যও পুনর্নির্ধারণ করা হয়েছে। নিম্নস্তরের প্রতি ১০ শলাকার প্যাকেটের দাম ৬২ টাকা, মধ্যম স্তরের ৯২ টাকা, উচ্চ স্তরের ১৬০ টাকা এবং অতি উচ্চ স্তরের সিগারেটের দাম ২১০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে ধূমপায়ীদের ব্যয় বাড়তে পারে।