কুষ্টিয়া শহরের বাইপাস এলাকায় পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চালক ও সহকারী (হেলপার) নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকটিতে আগুন ধরে যায়। আজ সকালে (২১ জুন) এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—ট্রাকচালক আনিস (৩৫) ও সহকারী রতন (৩৫)। আনিসের বাড়ি ফরিদপুর জেলায় এবং রতনের বাড়ি কুষ্টিয়ার মিনাপাড়া এলাকায়।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে সোনামসজিদ স্থলবন্দর থেকে পাথরবোঝাই করে ট্রাকটি খুলনার দিকে যাচ্ছিল। পথে কুষ্টিয়া বাইপাস রোড এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি সড়কের পাশে উল্টে যায় এবং মুহূর্তের মধ্যে সেটিতে আগুন ধরে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে তাঁরা ট্রাকের ভেতর থেকে চালক আনিসের লাশ উদ্ধার করেন। তবে সহকারী রতন পাথরের নিচে চাপা পড়ে থাকায় তাঁর লাশ উদ্ধারে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের উদ্ধার অভিযান চলছে।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি অথবা চালক ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। তবে প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী প্রথম বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায় এবং আগুন ধরে যায়। চালকের লাশ উদ্ধার করা হয়েছে। পাথরের নিচে চাপা পড়া সহকারীর লাশ উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে কাজ করছে। দুর্ঘটনার কারণে সড়কে কিছু সময় যানচলাচল ব্যাহত হলেও এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।