সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসা ছাত্রের করুণ মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নদীর পূর্বপাড় চরাঞ্চলের নিশ্চিতপুর ইউনিয়নের ৬নং নৌকাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার হালিদাপাড়ার (ভদ্রশিমুল) গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জুনায়েত হোসেন (১৩) ও সিরাজগঞ্জ সদর উপজেলার ক্ষুদ্র কাটেঙ্গা চরের আব্দুল হালিমের ছেলে আরিফুল ইসলাম (১১)। এ সময় জামালপুরের সরিষাবাড়ি উপজেলার জামিরা গ্রামের রাশেদুল ইসলামের ছেলে হাসিবুল্লাহ (১৩) জীবিত উদ্ধার হয়েছে। এরা তিনজনই কাজিপুর উপজেলার নিশ্চিতপুর ইউনিয়নের জজিরা মদিনাতুল উলূম কওমীয়া ও হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী।
কাজিপুর থানার ওসি এস এম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় মাদরাসার তিন ছাত্র গোসলের জন্য নদীতে নেমেছিল। স্রোতের কারণে দুজন নদীতে ডুবে যায় এবং একজন কোনোরকমে নদীর তীরে ওঠে। পরে স্থানীয় জেলেরা নদীতে জাল দিয়ে দুপুর ১২টার দিকে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করেছেন। খবর পেয়ে নাটুয়ারপাড়া ফাঁড়ি ও নৌপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।