ইসরায়েলি যুদ্ধমন্ত্রী ইসরায়েল কাটজ ঘোষণা করেছেন, বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর ডোনাল্ড ট্রাম্পের চাপের কারণে হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে তাদের উপস্থিতি জোরদার করেছে।
ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, তিনি আরও বলেছেন, লেবাননের সেনাবাহিনী “হঠাৎ করে এমন কোনো শক্তিতে পরিণত হবে না যা হিজবুল্লাহর বিরুদ্ধে কাজ করবে।
ইসরায়েলি যুদ্ধমন্ত্রী জোর দিয়ে বলেন, লেবাননে ইসরয়েলি সেনাবাহিনীর উপস্থিতি দীর্ঘমেয়াদী হবে।
তিনি আরও বলেন, ট্রাম্প আমেরিকার স্বার্থে লেবানন ও ইরানের বিষয়গুলোকে সংযুক্ত করেছেন, কিন্তু হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত তেল আবিব লেবানন থেকে সরে আসবে না।
আমেরিকার মধ্যস্থতায় ওয়াশিংটনে পাঁচ দফা আলোচনা ও চার দিনের পরামর্শের পর শুক্রবার লেবানন ও ইসরায়েল একটি চুক্তির কাঠামোতে পৌঁছানোর পর এই বিবৃতিগুলো দেওয়া হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদেহ মোয়াওয়াদ এবং ওয়াশিংটনে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়াখিল লাইটারের উপস্থিতিতে এই চুক্তি কাঠামোটি স্বাক্ষরিত হয়।
সংবাদ সূত্র জানিয়েছে, এই চুক্তিতে উভয় পক্ষের মধ্যে ভবিষ্যৎ আলোচনার রূপরেখা এবং প্রাথমিক বাস্তবায়নমূলক পদক্ষেপ অন্তর্ভুক্ত রয়েছে। সূত্রটি একজন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, চুক্তি অনুসারে, হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরায়েল সরকার ‘ইয়েলো লাইন’ নামে পরিচিত নিরাপত্তা অঞ্চলে তাদের উপস্থিতি বজায় রাখবে।