টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের ভায়েটা হাফিজিয়া মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে একাধিক শিশুকে নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক রিয়াজুল ইসলামকে পুলিশ আটক করেছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
স্থানীয়দের ভাষ্যমতে, গত রোববার (৩০ আগস্ট) এক শিশুকে নির্যাতনের সময় রিয়াজুল ইসলামকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা। উত্তেজিত জনতা তাকে মারধরের চেষ্টা করলে তিনি আত্মরক্ষার্থে স্থানীয় একটি মসজিদে আশ্রয় নেন। এর আগে কয়েক দিন আগেও একই শিক্ষকের বিরুদ্ধে আরেক শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছিল, যা নিয়ে স্থানীয়ভাবে সালিশি বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছিল। নতুন করে একই ধরনের অভিযোগ সামনে আসায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টাঙ্গাইল সদর থানা পুলিশ, রিজার্ভ পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হন। পরে অভিযুক্ত শিক্ষককে পুলিশের হেফাজতে নেওয়া হয়। এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আটক আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত শিক্ষকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।