ডিজিটাল যুগে তথ্যের সহজলভ্যতা যেমন ইতিবাচক, তেমনি অপতথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার এখন বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশসহ বিশ্বের সব রাষ্ট্রকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সোমবার (২৮ সেপ্টেম্বর) ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬’ উপলক্ষে তথ্য কমিশনের হলরুমে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। এবারের দিবসের মূল প্রতিপাদ্য ছিল—‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ; অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী বলেন, সবার তথ্য জানার অধিকার রয়েছে, কিন্তু সেই তথ্য হতে হবে নির্ভরযোগ্য ও সত্য। অসত্য তথ্য বা অপপ্রচারের কারণে ব্যক্তি, পরিবার, সমাজ এমনকি রাষ্ট্রের গণতান্ত্রিক ভিত্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ভুয়া পরিচয়, ইমপারসোনেশন এবং এআই প্রযুক্তির অপব্যবহার করে মানুষের ছবি ও পরিচয় ব্যবহারের মাধ্যমে হেয়প্রতিপন্ন করার ঘটনাগুলো উদ্বেগজনক। এসব কারণে নারী ও শিশুদের অধিকার ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি পারিবারিক ও সামাজিক সম্পর্কেও বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে বলে তিনি উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, এখন থেকেই যথাযথ সতর্কতা ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে ভবিষ্যতে অপতথ্য ও এআইয়ের অপব্যবহার বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাই গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীলতা ও তথ্য যাচাই-বাছাইয়ের ওপর জোর দেওয়ার পাশাপাশি রাজনীতিবিদ, সামাজিক সংগঠন এবং নাগরিকদেরও তথ্য ব্যবহারের ক্ষেত্রে সচেতন থাকার তাগিদ দেন তিনি। তাই তথ্য পরিবেশনের ক্ষেত্রে গণমাধ্যমকর্মী, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) গণমাধ্যম অধ্যয়ন ও সাংবাদিকতা বিভাগের প্রধান অধ্যাপক ড. সুমন রহমান।
এছাড়া অনলাইনে আলোচনায় অংশ নেন সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ছাড়াও তথ্য কমিশন ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা সর্বসম্মতিক্রমে তথ্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি ডিজিটাল মাধ্যমে সঠিক তথ্যের প্রবাহ বৃদ্ধি, গণমাধ্যমের স্বচ্ছতা ও এআই প্রযুক্তির নৈতিক ব্যবহারের ওপর জনসচেতনতা তৈরির প্রয়োজনীয়তার বিষয়ে গুরুত্বারোপ করেন।