চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার জন্য দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে একটি কনসেশন চুক্তি স্বাক্ষর হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে ইনভেস্ট বাংলাদেশ অডিটোরিয়ামে আনুষ্ঠানিক এই চুক্তিপত্র সই করা হয়। নতুন এই চুক্তির শর্ত অনুযায়ী, ডিপি ওয়ার্ল্ড আগামী ১৫ বছর টার্মিনালটি পরিচালনার দায়িত্ব পালন করবে এবং এর বিপরীতে বন্দর ব্যবহারকারীদের কাছ থেকে মাশুল বা ফি আদায়ের ক্ষমতা পাবে প্রতিষ্ঠানটি।
আওয়ামী লীগ সরকারের সময় নিউমুরিং কনটেইনার টার্মিনাল ইজারার প্রক্রিয়া শুরু হয়েছিল। পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে এই প্রক্রিয়ায় গতি আসে এবং চূড়ান্ত পর্যায়ে বর্তমান সরকারের আমলে আমিরাতভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হলো। এদিকে, সরকারি এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে এদিন দুপুরে ইনভেস্ট বাংলাদেশ কার্যালয়ের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বেশ কয়েকটি বামপন্থী রাজনৈতিক দল ও সংগঠন। এই প্রতিবাদে অংশ নেওয়াদের মধ্যে রয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাসদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, বাংলাদেশ জাসদ, বাসদ (মার্কসবাদী), বাংলাদেশ সাম্যবাদী আন্দোলনসহ বিভিন্ন প্রগতিশীল জোট ও অধিকার কমিটি।