সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কন্যাশিশুদের বিশ্বজয়ের স্বপ্ন সফল করতে প্রশাসনিক দক্ষতা ও সামাজিক অংশগ্রহণের পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছা এবং মানসিকতার পরিবর্তন অত্যন্ত প্রয়োজন। আজ সোমবার (১২ অক্টোবর) বেলা ১১ টায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে, আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নারীর সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে রাষ্ট্রপতি কঠোর অবস্থান ব্যক্ত করে বলেন, বিদ্যালয় থেকে শুরু করে ডিজিটাল প্ল্যাটফর্ম পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে কন্যাশিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নারী ও শিশুদের প্রতি সহিংসতা, যৌন হয়রানি এবং অনাকাঙ্ক্ষিত ঘটনার ক্ষেত্রে দ্রুত বিচারের মাধ্যমে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের কোনো বিকল্প নেই। সরকার শিশুবিয়ে রোধে অবৈতনিক শিক্ষা, দারিদ্র্য দূরীকরণ, উপবৃত্তি প্রদান এবং জন্মনিবন্ধন যাচাইয়ের মতো পদক্ষেপের মাধ্যমে কন্যাশিশুদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
দেশের সামগ্রিক নিরাপত্তার উদ্বেগের বিষয়টি তুলে ধরতে গিয়ে রাষ্ট্রপতি কুমিল্লার তাজমিন হত্যার প্রসঙ্গ টানেন। তিনি বলেন, উন্নয়নের ধারায় আমরা এগিয়ে চললেও কিছু ক্ষেত্রে পিছিয়ে পড়ছি। অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্তান নিখোঁজ হওয়ার তিন দিনেও অভিভাবকদের মধ্যে কোনো উদ্বেগ প্রকাশ না পাওয়াটা দুঃখজনক। স্কুল ছুটির পর মায়েরা সন্তানদের নিয়ে ফেরার অপেক্ষায় স্কুলের পাশে ঘণ্টার পর ঘণ্টা যেভাবে বসে থাকেন, তা থেকেই বোঝা যায় আমাদের সমাজ কতটা অনিরাপদ হয়ে উঠেছে।