রাজধানীর উত্তরখান এলাকার তুরাগ নদের রাজবাড়ি ঘাট থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরির (২৮) মরদেহ উদ্ধারের পর চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) হেফাজতে রয়েছেন তাহসিফের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আহমেদ শাহরিয়ার রেজা দীপ। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে দীপ দাবি করেছেন, ঘটনার রাতে তারা দুজনে ওই এলাকায় কথা বলছিলেন। সেই সময় পুলিশ পরিচয়ধারী কয়েকজন ব্যক্তি তাদের ধাওয়া করলে তাহসিফ প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়েন এবং তিনি সেখান থেকে কোনোমতে পালিয়ে আত্মরক্ষা করেন। ঢাকার উত্তর খানের তুরাগের নদের রাজবাড়ী ঘাট থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরির (২৮) লাশ উদ্ধার করা হয়েছে, এর কাছের এলাকায় একটি মোটরসাইকেল পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা বলেন, দীপকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাকে নিয়ে বেশ কয়েকটি স্পটে গিয়েছি।
তদন্তকারী পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, দীপের দেওয়া এই বক্তব্যের সত্যতা যাচাই-বাছাই করা হচ্ছে। একই সঙ্গে ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি বুঝতে ওই এলাকা ও আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এদিকে, বৃহস্পতিবার রাতে পিবিআই সদস্যরা লাশ উদ্ধারের স্থান থেকে প্রায় ৫০ গজ দূরে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছেন। মোটরসাইকেলটি উত্তরখান থানায় নিয়ে রাখা হয়েছে। পিবিআই সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার মো. আবু ইউসুফ জানান, এটি তাহসিফের কি না তা নিশ্চিত হওয়ার প্রক্রিয়া চলছে, তবে ধারণা করা হচ্ছে এটি তারই হতে পারে।
পিবিআইয়ের প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে যে, রাজবাড়ি ঘাট এলাকাটি মাদক কারবারিদের আস্তানা হিসেবে পরিচিত। কর্মকর্তাদের ধারণা, মাদক ব্যবসায়ীদের ধাওয়ার মুখে পড়ে তাহসিফ নদীতে পড়ে ডুবে গিয়ে থাকতে পারেন। মামলার তদন্তে বর্তমানে নৌ পুলিশকে সহায়তা দিচ্ছে পিবিআই। উল্লেখ্য, তাহসিফ গত মঙ্গলবার সন্ধ্যায় উত্তরা থেকে বের হওয়ার পর রাত ১টা ৩৫ মিনিটে মাকে ভয়েস মেসেজ পাঠিয়ে জানিয়েছিলেন যে তিনি বাসায় ফিরছেন, কিন্তু সেই বার্তাই ছিল তার শেষ যোগাযোগ।
এই অকাল মৃত্যু নিয়ে গভীর সন্দেহ প্রকাশ করেছেন তাহসিফের বাবা কেএম এনায়েতুল করিম। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এটি কোনোভাবেই আত্মহত্যা হতে পারে না। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।