রাজধানীর উত্তরখান থানার রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে কে এম তাহসিফ সাউরি (২৮) নামে বিমানবাহিনীর এক সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। বুধবার বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত পরিচয় হিসেবে মরদেহটি উদ্ধার করে। মৃত ব্যক্তি বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট হিসেবে কর্মরত ছিলেন। মরদেহ উদ্ধারের বিষয়ে নৌ পুলিশের অভ্যন্তরীণ প্রতিবেদনে বলা হয়, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পাওয়া যায় যে রাজধানীর উত্তরখান থানা এলাকার রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদে একটি মরদেহ ভাসছে। এ খবর পেয়ে ঘটনাস্থলে যান নৌ পুলিশের সদস্যরা। তাঁরা অজ্ঞাতনামা এক ব্যক্তির (পুরুষ) মরদেহ উদ্ধার করেন। তাঁর বয়স অনুমানিক ২৮ বছর। এই আইফোনের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়।
নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, উদ্ধারের সময় মরদেহের সঙ্গে পাওয়া একটি মুঠোফোনের সূত্র ধরে পরবর্তীতে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি জানান, তাহসিফ সপরিবার রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে বসবাস করতেন। নিহতের পরনে ছিল সাদা পাজামা ও কালো রঙের জামা এবং হাতে ছিল একটি ঘড়ি। তার পকেটে থাকা আইফোনটিই পরিচয় শনাক্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নৌ পুলিশের অভ্যন্তরীণ এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর তাহসিফ কয়েকজনের সঙ্গে বাসা থেকে বের হয়েছিলেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন এবং বাসায় আর ফেরেননি। তবে তিনি কাদের সঙ্গে বেরিয়েছিলেন বা এরপর কী ঘটেছিল, তা নিয়ে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে বক্তব্য জানার জন্য নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ঘটনার বিষয়ে নৌ পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ জানিয়েছে।