মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাসপোর্ট দেওয়ার কোনো আইনগত সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। এই মানবতাবিরোধী অপরাধকে মোরাল টারপিটিউড (নৈতিকস্থলন) বলা হয়।
চিফ প্রসিকিউটর আইনি ব্যাখ্যা দিয়ে বলেন, আইন অনুযায়ী কোনো দণ্ডিত ব্যক্তি পাসপোর্ট পাওয়ার যোগ্য নন।
বিশেষ করে, পাসপোর্ট আবেদনের আগের পাঁচ বছরের মধ্যে যদি কেউ ন্যূনতম দুই বছর মেয়াদে দণ্ডপ্রাপ্ত হন, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে নতুন পাসপোর্ট ইস্যু করতে পারে না। এছাড়া, নৈতিক স্খলনজনিত অপরাধে দণ্ডিত ব্যক্তির পাসপোর্ট জব্দ করার বিধানও রয়েছে। যেহেতু শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধের মতো গুরুতর নৈতিক স্খলনজনিত অপরাধে ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত, তাই তাকে পাসপোর্ট দেওয়ার কোনো এখতিয়ার কর্তৃপক্ষের নেই।
তিনি আরও বলেন, রাষ্ট্রের পক্ষ থেকে একজন দণ্ডিত পলাতক আসামিকে পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করা বিচারিক প্রক্রিয়ার সঙ্গে এক ধরনের প্রতারণার সামিল। সরকার এমন কাজ করতে পারে না।
জুলাই গণ-অভ্যুত্থানের পর ভারতে অবস্থানরত শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠানো হয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল। কূটনৈতিক সূত্রে জানা গেছে, হাইকমিশন এ-সংক্রান্ত একটি ই-মেইল পেলেও তাতে শেখ হাসিনার কোনো অনুমোদনের কাগজ ছিল না।
শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা বা আইনি পথ সম্পর্কে চিফ প্রসিকিউটর স্পষ্ট করেন, মামলার বিচার চলাকালে তিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেয়েছিলেন কিন্তু তা গ্রহণ করেননি। ট্রাইব্যুনালের রায় প্রকাশের পর নিয়ম অনুযায়ী আপিল করার জন্য ৩০ দিনের সময়সীমা নির্ধারিত থাকলেও তিনি কোনো আবেদন ফাইল করেননি। আইন অনুযায়ী সেই সময় পার হয়ে যাওয়ায় এখন আপিলের আর কোনো সুযোগ নেই। সুতরাং মৃত্যুদণ্ডের রায় কার্যকর হওয়া ছাড়া তার সামনে অন্য কোনো আইনি বিকল্প অবশিষ্ট নেই বলে তিনি জানান। শেখ হাসিনার কখনোই সত্যিকারের অর্থে বাংলাদেশে আসার জন্য কোনো সদিচ্ছা নেই উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, যদি তার বাংলাদেশে আসার সদিচ্ছা থাকত, তাহলে মামলা চলমান অবস্থায় তিনি এসে তা মোকাবিলা করতেন। চিফ প্রসিকিউটর বলেন, আইনে বলা আছে রায় প্রকাশিত হওয়ার ৩০ দিন পরে আর আপিল গ্রহণযোগ্য হবে না।
চিফ প্রসিকিউটরের কার্যালয় শেখ হাসিনাকে পরামর্শ দিয়ে বলেছে, যদি তিনি সত্যিই বাংলাদেশে ফিরতে চান, তবে ভারত সরকারের কাছে লিখিত আবেদন করা উচিত। সেই আবেদনে তাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশে পাঠানোর অনুরোধ জানাতে হবে। এটিই বর্তমান পরিস্থিতিতে তার জন্য আইনি পথ। উনি তো নিজেই আসতে চান, বলবেন প্রত্যর্পণ করে দাও, জটিলতা দেখি না: জাহেদ উর রহমান।
ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর আরও বলেন, মাঝে মাঝে শোনা যায় তিনি হঠাৎ দেশে ঢুকে পড়বেন কিংবা হাজার হাজার গাড়ি নিয়ে পদ্মা সেতু হয়ে ফিরবেন। এসব বক্তব্যের আড়ালে কিছু অবুঝ কর্মীকে ব্যবহার করে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। তিনি পুনরায় জোর দিয়ে বলেন, শেখ হাসিনার সদিচ্ছা থাকলে মামলার শুরুতেই তিনি আইনি লড়াইয়ে নামতেন। এসব বক্তব্যে মিথ্যাভাবে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগের কিছু কিছু অবুঝ অথবা নির্বোধ কর্মী নানা জায়গায় রাজনৈতিক অস্থিরতার সৃষ্টির অপচেষ্টা করেন।
সবশেষে আমিনুল ইসলাম স্পষ্টভাবে জানান, সরকার বা পাসপোর্ট কর্তৃপক্ষ দণ্ডিত পলাতক ব্যক্তিকে কোনোভাবেই নতুন পাসপোর্ট দেওয়ার সুযোগ রাখে না এবং এ বিষয়ে কোনো অস্পষ্টতা বা জটিলতা নেই।