নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের সাথে গোপন যোগাযোগ এবং শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্টদের তথ্য সরবরাহের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে চট্টগ্রামের হালিশহরের জেলা পুলিশ লাইন্সের অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় এই রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করেন। মামলা হওয়ার পরপরই পুলিশ ও স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) সদস্যরা তাকে হেফাজতে নেয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (জনসংযোগ) মো. আমিনুর রশিদ নিশ্চিত করেছেন যে, বর্তমানে জাহাংগীর আলম পুলিশ হেফাজতে রয়েছেন।
চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, এসপি জাহাংগীর আলমের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পরই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে গত ১০ নভেম্বর অভিযোগের ভিত্তিতে তাকে কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিলেন ডিআইজি। সে সময় জাহাংগীর আলমের দুটি ব্যক্তিগত ও দাপ্তরিক মোবাইল ফোন জব্দ করা হয়। ফোনগুলো ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়েছে। যদিও ১১ নভেম্বর তাকে আটকের একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছিল, তবে সেদিন ডিআইজি তা অস্বীকার করেছিলেন।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, জাহাংগীর আলম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। শুধু তাই নয়, পুলিশের অভ্যন্তরীণ এবং স্পর্শকাতর বিভিন্ন তথ্য তিনি দলটির নেতাদের কাছে পাচার করছিলেন বলে অভিযোগ রয়েছে। ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের এই কর্মকর্তা ২০১০ সালের ১ ডিসেম্বর বাহিনীতে যোগ দেন। এদিকে, একই ধরনের রাষ্ট্রদ্রোহের অভিযোগে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছিল, যিনি বর্তমানে কারাবন্দী রয়েছেন।