রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত দায় পুলিশ বাহিনী নেবে না বলে স্পষ্ট করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। রোববার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ কমিশনার কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো কর্মকর্তা যদি রাষ্ট্রবিরোধী কার্যকলাপে নিজেকে জড়িয়ে ফেলেন, তবে সেটি তাঁর একান্তই ব্যক্তিগত দায়। এমন কর্মকাণ্ডের দায় পুলিশ বাহিনী কখনোই বহন করবে না। রোববার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ কমিশনার কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিএমপি কমিশনার।
কমিশনার জানান, গত শনিবার সিএমপির কাছে এই ঘটনার একটি এজাহার জমা পড়ে। যেহেতু অভিযোগটি রাষ্ট্রদ্রোহ সংক্রান্ত, তাই আইন অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমোদনের প্রয়োজন ছিল। অনুমতি পাওয়ার পরপরই পাঁচলাইশ থানায় নিয়মিত মামলাটি নথিভুক্ত করা হয়।
মামলা হওয়ার পরেই আরআরএফের এসপি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে সিএমপি কমিশনার বলেন, বর্তমানে তিনি সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের হেফাজতে রয়েছেন। পরে নগরের অফিসার্স মেস থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়।
এই মামলার তদন্তও উক্ত ইউনিট পরিচালনা করবে এবং রোববার নিয়ম অনুযায়ী তাঁকে আদালতে সোপর্দ করা হবে।
এছাড়া বাহিনীর ভেতর এ ঘটনায় কোনো মানসিক চাপ সৃষ্টি হয়েছে কি না—এমন প্রশ্নে কমিশনার বলেন, এটি চাপে পড়ার মতো কিছু নয়, কারণ সংশ্লিষ্ট ব্যক্তি নিজের কর্মকাণ্ডের দায় নিজেই বহন করবেন। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুশিয়ারি দেন।
তদন্তকারী সূত্রে জানা গেছে, এসপি জাহাঙ্গীর আলমের মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়েছিল। ফরেনসিক প্রতিবেদনে তাঁর মুঠোফোনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারকে ডিসেম্বরের মধ্যে পুনর্বাসিত করার পরিকল্পনা-সংক্রান্ত বার্তা পাওয়ার সত্যতা মিলেছে। ওই বার্তায় ‘জীবন বাজি রেখে’ মাঠে নামার নির্দেশনার তথ্যও পাওয়া যায়।
পুলিশের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখা ছাড়াও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলতেন জাহাঙ্গীর আলম। এছাড়া বাহিনীর ভেতরের স্পর্শকাতর ও অভ্যন্তরীণ বিভিন্ন তথ্য আওয়ামী লীগ নেতাদের কাছে পাচার করার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
উল্লেখ্য, গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরীর বাদী হয়ে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা এবং ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি বাহিনীতে যোগদান করেন। এর আগে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানের বিরুদ্ধেও একই ধরনের রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে এবং তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।