ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডে ডিরেক্টর (করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড সাসটেইনেবিলিটি) হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ শহীদুল ইসলাম। গত ১৫ নভেম্বর থেকে তাঁর এই নিয়োগ কার্যকর হয়েছে। একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট খাতে শহীদুল ইসলামের ২০ বছরের বেশি সময়ের পেশাদার নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে। জটিল ব্যবসায়িক পরিস্থিতি মোকাবিলা, টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতকরণ এবং করপোরেট সুনাম বৃদ্ধিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। ১৫ নভেম্বর থেকে তাঁর নিয়োগ কার্যকর হয়েছে।
ইউনিলিভার বাংলাদেশে আসার আগে শহীদুল ইসলাম সিনজেনটা বাংলাদেশে একই পদে (ডিরেক্টর, করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড সাসটেইনেবিলিটি) দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি প্রতিষ্ঠানটির বোর্ড এবং কান্ট্রি লিডারশিপ টিমের সদস্য ছিলেন। কর্মজীবনের শুরুর দিকে তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশে হেড অব এক্সটার্নাল রিলেশনস হিসেবেও কাজ করেছেন।
শিক্ষাজীবনে শহীদুল ইসলাম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম (ইউএসটিসি) থেকে এমবিএ ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব কেমব্রিজ থেকে বিজনেস সাসটেইনেবিলিটি ম্যানেজমেন্ট প্রোগ্রাম সম্পন্ন করেছেন।
এই নিয়োগের বিষয়ে ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক রুহুল কুদ্দুস খান বলেন, করপোরেট অ্যাফেয়ার্স, অংশীজন ব্যবস্থাপনা এবং টেকসই উন্নয়নে শহীদুল ইসলামের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশের পরিবর্তনশীল ও নিয়ন্ত্রক পরিবেশ সম্পর্কে তাঁর গভীর ধারণা রয়েছে। তাঁকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন যে, তাঁর নেতৃত্ব ইউনিলিভারের ব্যবসাকে আরও শক্তিশালী করবে এবং অংশীজনদের জন্য দীর্ঘমেয়াদী সুফল বয়ে আনবে।