গোপালগঞ্জ-১ আসনের (কাশিয়ানী-মুকসুদপুর) বিএনপি দলীয় সংসদ সদস্য সেলিমউজ্জামান সেলিমের কাশিয়ানীর বাসভবনে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এর ঠিক এক ঘণ্টা পর দুপুর ১২টার দিকে মুকসুদপুর থানায়ও আগুন ধরিয়ে দেওয়া হয়।
এদিকে গোপালগঞ্জ শহরের প্রাণকেন্দ্র লঞ্চঘাট এলাকায় হেলমেট পরিহিত অবস্থায় দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। শহরের বিভিন্ন প্রান্ত থেকে এসে কর্মীরা এই মহড়ায় অংশ নিচ্ছেন। এলাকাটিতে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা দেখা যায়নি। এর আগে বুধবার রাতভর ছাত্রলীগের কর্মীরা ঢাকা-খুলনা মহাসড়কসহ গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়কগুলোতে গাছের গুঁড়ি ও বাঁশ ফেলে অবরোধ সৃষ্টি করে। উল্লেখ্য, মঙ্গলবার টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছিল।