দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এক সংসদ সদস্যের করা প্রশ্নের জবাবে তিনি এ তথ্য প্রকাশ করেন।
একটি সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী ২০২৪ সালের আগস্ট মাসের সাথে বর্তমান পরিস্থিতির তুলনা তুলে ধরেন। তিনি জানান, ২০২৪ সালের ৮ আগস্টে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ছিল ২৫ দশমিক ৯০ বিলিয়ন মার্কিন ডলার। তবে ২০২৬ সালের ১৯ অক্টোবরের হিসাবে সেই রিজার্ভ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
প্রবাসীদের প্রেরিত অর্থকে দেশের অর্থনীতির অন্যতম মূল ভিত্তি হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিদেশে বাংলাদেশি কর্মী পাঠানোর যে ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছিলেন, তার মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয়ের এই গুরুত্বপূর্ণ খাতটির গোড়াপত্তন হয়েছিল। বর্তমানে সরকার বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে, হুন্ডি প্রতিরোধে এবং অর্থ পাঠানোর প্রক্রিয়া দ্রুত ও সহজ করতে নানামুখী সংস্কারমূলক উদ্যোগ নিয়েছে।
সরকারের গৃহীত পদক্ষেপে বিদেশি এক্সচেঞ্জ হাউস, দেশের তফসিলি ব্যাংক ও মানি ট্রান্সফার অপারেটরদের মধ্যে চুক্তি বা ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট স্থাপন প্রক্রিয়া আগের চেয়ে অনেক সহজ করা হয়েছে। এর ফলে অর্থ প্রেরণে বিকল্প মাধ্যমের সুযোগ বাড়ছে, প্রতিষ্ঠানগুলোর প্রতিযোগিতা বৃদ্ধির কারণে প্রবাসীদের ট্রান্সফার খরচ কমছে এবং বিদেশে নতুন নতুন রেমিট্যান্স চ্যানেল যুক্ত করা সম্ভব হচ্ছে।
রেমিট্যান্স উৎসাহিত করতে গৃহীত অন্যান্য ব্যবস্থার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বৈধ চ্যানেলে প্রবাসী আয় বাড়ানোর লক্ষ্যে সরকারের পক্ষ থেকে নগদ সহায়তা বা প্রণোদনা দেওয়া হচ্ছে। এছাড়া বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করেছে, যার মাধ্যমে প্রবাসীরা কম খরচে সরাসরি তাদের বৈদেশিক মুদ্রার অ্যাকাউন্টে এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে টাকা পাঠাতে পারছেন। দেশে রেমিট্যান্স আগমন অব্যাহত ও সুগম রাখতে নিত্যনতুন প্রযুক্তি ও উদ্ভাবনী মাধ্যমের ব্যবহার অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।