রাজশাহীর বাঘার আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামে অবস্থিত সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও চিত্রে বাড়িটির নিচতলায় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মোটরসাইকেলে আসা ৫-৬ জনের একটি দল বাড়ির সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। এরপর তারা পেট্রল ঢেলে বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং ঘটনার পরপরই দ্রুত এলাকা ত্যাগ করে। স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এই ঘটনায় ফায়ার সার্ভিসকে কোনো খবর দেওয়া হয়নি, ফলে ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হয়নি।
এদিকে ঘটনার ভিন্ন বর্ণনা দিয়েছেন বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক। তাঁর দাবি, কয়েকজন দুষ্কৃতিকারী বাড়িতে ঢুকে আগুন দেওয়ার চেষ্টা করলে স্থানীয়দের বাধার মুখে পড়ে। তারা বাড়ির ভেতরে প্রবেশ করতে পারেনি। পরে বাড়ির গেটের সামনে আগুন ধরিয়ে দেওয়া হলে এলাকাবাসী তা দ্রুত নিভিয়ে ফেলেন।