আশাবুল ইয়ামিনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম ও সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফিসহ মোট ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রবিবার ট্রাইব্যুনাল এই আদেশ প্রদান করেন। মামলার পরবর্তী কার্যক্রমে আগামী ১৪ই ডিসেম্বর সূচনা বক্তব্য উপস্থাপনের দিন ধার্য করা হয়েছে।
আদেশের দিন কারাবন্দী ৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত ২৬শে জুলাই ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়েছিলেন। মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৮ই জুলাই সাভারে আন্দোলনের সময় ইয়ামিনকে আটক করে পুলিশের সাঁজোয়া যানের নিকট নেওয়া হয়। সেখানে তার বুকের বাঁ দিকে গুলি চালানো হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী ও নথির তথ্যানুযায়ী, দায়িত্বরত পুলিশ সদস্যরা গুলিবিদ্ধ ইয়ামিনকে টেনে সাঁজোয়া যানের ওপর ফেলে রাখেন এবং জনতাকে ভয় দেখানোর জন্য গাড়িটি নিয়ে এলাকায় টহল দেন। এক পর্যায়ে তাকে রাস্তায় ফেলে দিলে স্থানীয়রা উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেন, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।