মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৭ ডিসেম্বর দুই দিনের রাষ্ট্রীয় সফরে তিনি ঢাকায় আসছেন। এই সফরকালে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, বাংলাদেশের শ্রমবাজার এবং মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষার বিষয়গুলো আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে।
আনোয়ার ইব্রাহিমের সফর উপলক্ষে সরকার তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করেছে। গত রোববার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর ২(ক) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাকে আগামী ৭ ও ৮ ডিসেম্বর বাংলাদেশ সফরকালীন সময়ের জন্য ভিভিআইপি মর্যাদা দেওয়া হয়েছে। এস. আর. ও. নং ৪১৯-আইন/২০২৬ নম্বরে জারি করা এই প্রজ্ঞাপনটি ইতিমধ্যে সরকারি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এই সফর বাংলাদেশের নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর কোনো বিদেশি সরকারপ্রধানের প্রথম দ্বিপক্ষীয় সফর হতে যাচ্ছে। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ৭ ডিসেম্বর সন্ধ্যায় আনোয়ার ইব্রাহিমের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। পরদিন ৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে তিনি ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়বেন। ফলে ঢাকায় তার অবস্থান প্রায় ১২ থেকে ১৩ ঘণ্টা হওয়ার সম্ভাবনা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সফরে দুই দেশের সম্পর্কের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা হবে। বিশেষ করে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ, কর্মীদের অধিকার ও কল্যাণ, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতা আলোচনায় আসার কথা রয়েছে। এ ছাড়া হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও প্রযুক্তি খাতেও সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।
নতুন সরকারের অধীনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এই সফর দুই দেশের সরকারপ্রধান পর্যায়ের সম্পর্ককে নতুন করে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট কূটনৈতিক মহল। দুই নেতা নিয়মিত সংলাপ ও উচ্চপর্যায়ের সফরের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করেছেন।