মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ রূপপুর পারমাণবিক কেন্দ্রের

প্রতিবেদকের নাম

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে টানা দ্বিতীয় দিনের মতো জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটের দিকে উৎপাদিত বিদ্যুৎ গ্রিডে যুক্ত করা হয়। বিদ্যুৎকেন্দ্রটির টারবাইন ও জেনারেটরের কর্মক্ষমতা এবং জাতীয় গ্রিডের সঙ্গে এর সামঞ্জস্য যাচাইয়ের লক্ষ্যেই মূলত এই প্রক্রিয়া পরিচালনা করা হচ্ছে। পরীক্ষামূলক এ বিদ্যুৎ সরবরাহের সময়সীমা ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত রাখা হয়েছে। দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর দ্বিতীয় দিনের মতো পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। বিরতির পর আবার ১০ থেকে ১৬ ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে পরবর্তী পরীক্ষা চালানোর পরিকল্পনা রয়েছে।

প্রকল্প পরিচালক ড. কবীর হোসেন জানিয়েছেন, বর্তমানে প্রাথমিক পর্যায়ে কেন্দ্রটি ৩ শতাংশ সক্ষমতায় চালানো হচ্ছে। পরবর্তী ধাপে উৎপাদন বাড়িয়ে ২৫ থেকে ৩০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া সম্ভব হবে। প্রকল্পটির প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে বর্তমানে প্রতিটি পরীক্ষার ধাপ শেষে কারিগরি বিশ্লেষণের জন্য কেন্দ্রটিকে গ্রিড থেকে সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হবে। প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম গ্রিড সংযোগ কার্যক্রমের আওতায় প্রাথমিক পর্যায়ে উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ২৪ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহের পরিকল্পনা রয়েছে। তবে পূর্ণ উৎপাদন সক্ষমতায় পৌঁছাতে আরও কয়েক মাস সময় লাগতে পারে। এ সংযোগের অর্থ এই নয় যে, কেন্দ্রটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক উৎপাদনে চলে গেছে।

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান বলেন, গ্রিডের সঙ্গে বিদ্যুৎকেন্দ্রের সমন্বয় পরীক্ষা এখন চলমান। জাতীয় সঞ্চালন লাইনে বিদ্যুৎ আসা মানেই বাণিজ্যিক সরবরাহ শুরু হওয়া নয়; বরং এটি বিদ্যুৎকেন্দ্র ও গ্রিডের সক্ষমতা যাচাইয়ের একটি কারিগরি ধাপ। প্রথম গ্রিড সংযোগ স্থাপনের মাধ্যমে উৎপাদন ও সঞ্চালন ব্যবস্থার মধ্যে সমন্বয় প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

প্রকল্পসংশ্লিষ্টদের ভাষ্যমতে, প্রতিটি পরীক্ষার ধাপে বিদ্যুৎ ব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতিটি পর্যায়ের ফলাফল সন্তোষজনক হলে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে পরবর্তী পরীক্ষা পরিচালনা করা হবে। রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে করা চুক্তি অনুযায়ী, প্রথম ইউনিটের ১০ মাসের পরীক্ষামূলক কার্যক্রম শেষ হওয়ার পর স্থায়ীভাবে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট তৈরি করা হচ্ছে।

দুটি ইউনিট পূর্ণাঙ্গভাবে চালু হলে জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। তবে দুটি ইউনিট পরিচালনায় কেন্দ্রের নিজস্ব ব্যবহারের জন্য মোট ৩৪০ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হবে।

তবে কেন্দ্রটি পরিচালনার জন্য নিজস্ব ব্যবহারের ক্ষেত্রে প্রতিটি ইউনিটে প্রায় ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ খরচ হবে বলে জানানো হয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করে ধাপে ধাপে উৎপাদন সক্ষমতা ১০০ শতাংশে উন্নীত করার লক্ষ্যে কাজ চলছে। এদিকে দ্বিতীয় ইউনিটের প্রস্তুতিমূলক কাজও এগিয়ে চলেছে এবং আগামী বছর সেখানে জ্বালানি লোড করার পরিকল্পনা রয়েছে। প্রথম ইউনিটের এই সফল পরীক্ষামূলক সংযোগ দেশের জ্বালানি ইতিহাসে পারমাণবিক শক্তির ব্যবহারের পথে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ