বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম গত শুক্রবার ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গত ২৯ এপ্রিলের পর এটাই তেলের সর্বোচ্চ দর। বিনিয়োগকারীদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে যে, অদূর ভবিষ্যতে ইরানে যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা চালাতে পারে। গতকাল পশ্চিমা দেশসহ বিশ্বের অধিকাংশ দেশের শেষ সপ্তাহিক কর্মদিবস।
বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৬ ডলার ৭২ সেন্টে দাঁড়িয়েছে। গত সপ্তাহে এই তেলের দাম মোট ৬ দশমিক ২ শতাংশ বেড়েছে, যা টানা তিন সপ্তাহের মূল্যবৃদ্ধির ধারাবাহিকতা। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৩ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ১০৩ ডলার ২৭ সেন্টে পৌঁছেছে। গত সপ্তাহে ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ২ শতাংশ।
ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার জানিয়েছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো ধরনের আলোচনা হচ্ছে না এবং শিগগিরই বড় কিছু ঘটতে পারে। দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মধ্যবর্তী নির্বাচনের পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলার পরিকল্পনা করছে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের সেনাপ্রধান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সামরিক সক্ষমতা বৃদ্ধির ফলে দেশটির বাহিনী এখন যেকোনো অসম যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত, যা ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিশ্চিত করেছে। শিগগিরই কিছু একটা ঘটবে বলেও মন্তব্য করেন তিনি। পত্রিকাটি মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে।
একই সময়ে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবে ধারাবাহিক ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। এর জেরে সৌদি আরবে অবস্থানরত মার্কিন সরকারি কর্মীদের জরুরি নয় এমন কার্যক্রম থেকে বিরত থেকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
বুধবার সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত শাইবাহ তেলক্ষেত্রে ড্রোন হামলায় দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। একই দিনে দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় অন্তত দুজন নিহত ও আটজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এসব হামলার প্রেক্ষিতে সৌদি আরামকো তাদের ধাহরানে অবস্থিত প্রধান কার্যালয়ের কর্মীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার এবং প্রয়োজনে বাড়ি থেকে কাজ করার নির্দেশনা দিয়েছে।