সাভারের আশুলিয়ার বাইপাইলে একটি ভুয়া পত্রিকার সাইনবোর্ড ও সামাজিক সংগঠনের পরিচয়ের আড়ালে গড়ে ওঠা অবৈধ কারখানার সন্ধান পেয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রতিষ্ঠানটি থেকে বিপুল পরিমাণ নকল কনডম ও জন্মনিয়ন্ত্রণ সামগ্রী জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।
অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়। বাইরে ‘দৈনিক অন্যায়ের চিত্র’ নামে একটি পত্রিকার সাইনবোর্ড ব্যবহার করা হলেও ভেতরে চলছিল অনুমোদনহীন জন্মনিয়ন্ত্রণ সামগ্রী প্যাকেটজাত ও মজুতের কাজ। এসব পণ্যের বেশিরভাগই পাশের দেশ থেকে অবৈধভাবে আনা হয়েছে, যা একদিকে যেমন সরকারকে বিপুল রাজস্ব থেকে বঞ্চিত করছে, তেমনি মানহীন পণ্যের কারণে ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকিও বাড়িয়ে তুলছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, এই প্রতিষ্ঠানে এর আগেও অভিযান চালিয়ে চার লাখ টাকা জরিমানা করা হয়েছিল এবং ভবনটি সিলগালা করা হয়েছিল। পরবর্তীতে বৈধ ব্যবসা পরিচালনার শর্তে সিলগালা খুলে দেওয়া হলেও মালিকপক্ষ সেই শর্ত ভঙ্গ করে গোপনে অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
অভিযানের সময় প্রতিষ্ঠানের মালিক ও মূল অভিযুক্ত শাহাদত হোসেন শান্তুকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে তারসহ এই অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।