ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৯ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, নিহতদের মধ্যে ৫ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। তবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নিহত ওই ৫ বাংলাদেশির নাম ও বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।
অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং মৃত ও আহতদের সম্পর্কে তথ্য সংগ্রহের কাজ শুরু করেন। স্থানীয় পুলিশ ও প্রশাসনের তথ্যানুসারে, অগ্নিকাণ্ডে মোট ৯ জন মারা গেছেন। যার মধ্যে পাঁচজন বাংলাদেশি বলে স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে।
উপ-হাইকমিশন থেকে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং জানা গেছে যে, নিহতদের মধ্যে চারজনই একই পরিবারের সদস্য। বাকিদের পরিচয় স্থানীয় কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করতে পারেনি। এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ৬ বাংলাদেশিকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশি নাগরিকদের বিষয়ে সার্বক্ষণিক সহযোগিতা প্রদানের জন্য উপ-হাইকমিশনের কর্মকর্তারা হাসপাতাল ও স্থানীয় পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছেন। এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তার জন্য উপ-হাইকমিশন একটি সার্বক্ষণিক হেল্প লাইনও চালু করেছে। অন্যদিকে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মধ্য কলকাতার ওই হোটেলে অগ্নিকাণ্ডে শিশুসহ নিহত ৯ জনের সবাই বাংলাদেশি নাগরিক।