গাজীপুরে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের কারণে তৈরি হওয়া নিরাপত্তাঝুঁকিতে কাশিমপুর কারাগার থেকে আসামি আনা সম্ভব হয়নি। ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ ছাত্রদল ও জাসাসের দুই নেতাকে ক্রসফায়ারে নিধনের ঘটনায় করা মামলার সাক্ষ্য গ্রহণ কার্যক্রম আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়নি। আসামি হাজির করতে না পারায় ট্রাইব্যুনালও দিনের কার্যক্রম পরিচালনা করেননি।
২০১৫ সালে বরিশালে এই দুই নেতাকে নিধনের ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় মোট চারজন আসামি রয়েছেন। তাদের মধ্যে তৎকালীন সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ ও বরিশালের সাবেক পুলিশ সুপার এ কে এম এহসানউল্লাহ পলাতক অবস্থায় রয়েছেন। তবে উজিরপুর থানার সাবেক এএসআই মো. মাহাবুল ইসলাম ও মো. জসিম উদ্দিন গ্রেপ্তার হয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন।
ট্রাইব্যুনাল প্রসিকিউটর ফারুক আহাম্মদ জানান, আজ মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা করার দিন ধার্য ছিল। কিন্তু গাজীপুরের পরিস্থিতির কারণে কারা কর্তৃপক্ষ আসামিদের ট্রাইব্যুনালে পাঠাতে পারেনি। আইনি বাধ্যবাধকতায় আসামি উপস্থিত না থাকলে জেরা সম্পন্ন করা সম্ভব নয়। এই পরিস্থিতিতে ট্রাইব্যুনাল মামলার পরবর্তী তারিখ আগামী ১১ নভেম্বর পুনর্নির্ধারণ করেছেন।