গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে জাতীয় সংসদে গঠনমূলক পরামর্শ দেওয়ার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার ঢাকার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। রিজভী বলেন, বর্তমান গ্যাস ও বিদ্যুৎ সংকট কোনো একক সরকারের সৃষ্ট নয়, বরং এটি আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি এবং বিগত সরকারের ভুল পরিকল্পনার ফসল।
অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, বিরোধী দল গ্যাস ও বিদ্যুতের দাবিতে লংমার্চ বা কর্মসূচি দিতেই পারে, এটি তাদের গণতান্ত্রিক অধিকার। তবে কেবল সমালোচনার মধ্যে সীমাবদ্ধ না থেকে সংকট উত্তরণে তাদের বিকল্প পরিকল্পনা তুলে ধরা উচিত। তিনি প্রশ্ন রাখেন, সরকার কীভাবে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে এবং জ্বালানি কোথা থেকে সংগ্রহ করবে, সে বিষয়ে বিরোধী দলের সুনির্দিষ্ট প্রস্তাব থাকা প্রয়োজন। সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের সদস্যদের কথা বলার সুযোগ রয়েছে, তাই সংকট নিরসনে পরামর্শ দেওয়া তাদের দায়িত্বের অংশ।
রিজভী আরও বলেন, দেশে পরিকল্পিতভাবে কোনো অচলাবস্থা তৈরি করা সমীচীন হবে না। অতীতের ভুল রাজনীতির পুনরাবৃত্তি ঘটলে পরিস্থিতি আরও জটিল ও অন্ধকারাচ্ছন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। জ্বালানি সংকটের কারণ ব্যাখ্যা করে তিনি জানান, হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনে বাধার সৃষ্টি হওয়ায় আমদানিতে বিঘ্ন ঘটছে, যা বৈশ্বিক পরিস্থিতিরই প্রতিফলন। এটি সরকারের নিজস্ব কোনো ব্যর্থতা নয় বরং আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থার সংকট।
জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে বিএনপির এই নেতা বলেন, সেই উত্তাল সময়ে গান ও নৃত্য পরিবেশনা আন্দোলনকারীদের মনে সাহস ও উদ্দীপনা জুগিয়েছিল, যা বিপ্লবকে বেগবান করেছে। বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি ফারহানা বেবীর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জল, কবি রেজাউদ্দিন স্ট্যালিন, চিত্রনায়ক হেলাল খান এবং জাকির হোসেন রুকনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।