ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার কোনো সুযোগ নেই বলে চূড়ান্ত রায় দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রদান করেন। ছবি ছাড়া বিকল্প পদ্ধতিতে এনআইডি দেওয়ার দাবিতে দায়ের করা একটি রিট আবেদনের প্রেক্ষিতে এর আগে জারি করা রুলটি আদালত খারিজ করে দিয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, রাজধানীর শাহজাহানপুরের শান্তিবাগের বাসিন্দা সুমাইয়া আহমাদ মুনা ২০২২ সালে এই রিটটি দায়ের করেছিলেন। তার পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী শেখ ওমর শরীফ ও ইলিয়াছ আলী মন্ডল। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী। শুনানি শেষে আইনজীবী কামাল হোসেন মিয়াজী সাংবাদিকদের জানান, আদালত রুল খারিজ করায় এখন ছবি ছাড়া এনআইডি পাওয়ার আর কোনো আইনি সুযোগ থাকল না।
রিটকারী সুমাইয়া আহমাদ মুনা ২০২২ সালের ১০ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের কাছে ছবি ছাড়া এনআইডি পাওয়ার আবেদন করেছিলেন। আবেদনে তিনি উল্লেখ করেন, তিনি একজন পর্দানশীন মুসলিম নারী এবং ধর্মীয় বিধান পালনের কারণে ছবি তোলা থেকে বিরত থাকেন। এনআইডি না থাকায় তিনি বিভিন্ন নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেন। তবে নির্বাচন কমিশন তার আবেদনটি নিষ্পত্তি না করায় তিনি হাইকোর্টের দ্বারস্থ হন।
ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২০২২ সালের ৬ মার্চ হাইকোর্ট একটি রুল জারি করেছিলেন। রুলে ছবি ছাড়া বিকল্প কোনো পদ্ধতিতে বা বায়োমেট্রিক বৈশিষ্ট্য ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র তৈরির প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছিল। দীর্ঘ সময় পর বুধবার সেই রুলটি খারিজ করে দেওয়ায় ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র পাওয়ার দাবিটি আইনত নাকচ হয়ে গেল।