বৃহস্পতিবার সকাল ১০:৩০ ঘটিকায় ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয় প্রাঙ্গণে মেলার তিন দিনব্যাপী ফল মেলা উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কামরুজ্জামানসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, কৃষক এবং সুধীজন উপস্থিত ছিলেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় পাঁচটি স্টলে দেশীয় বিভিন্ন জাতের ফল এবং ফল চাষের আধুনিক প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। মেলায় প্রায় অর্ধশতাধিক প্রজাতির দেশীয় ফল স্থান পেয়েছে। পাশাপাশি ফল উৎপাদন, সংরক্ষণ ও পরিচর্যার উন্নত প্রযুক্তি সম্পর্কে দর্শনার্থীদের প্রয়োজনীয় তথ্য প্রদান করা হচ্ছে।
আয়োজকরা জানান, দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং ফল চাষে কৃষকদের উৎসাহিত করাই এ মেলার মূল উদ্দেশ্য। তাদের মতে, এ ধরনের আয়োজন দেশীয় ফলের চাহিদা বৃদ্ধি এবং ভোক্তাদের মধ্যে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেলার প্রতিপাদ্য ছিলো ‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’। তিন দিনব্যাপী এ ফল মেলা আগামী ২০ জুন পর্যন্ত চলবে।