দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৫১ জন রোগী। নতুন মৃতদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দুইজন, ঢাকা উত্তর সিটির একজন এবং ময়মনসিংহ বিভাগের একজন রয়েছেন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৩৬৩ জন। এছাড়া খুলনায় ২৫৩, রাজশাহীতে ২৩৩, ঢাকা দক্ষিণ সিটিতে ২৩১, চট্টগ্রামে ২২০, বরিশালে ১৯২, ঢাকা উত্তর সিটিতে ১৪৮, রংপুরে ৯৩ ও ময়মনসিংহ বিভাগে ৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৫২ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৪ হাজার ২৫১ জনে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ৩৫২ জন মারা গেছেন।