পিরোজপুরের ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ডের কালেমা চত্বরে দাঁড়িয়ে থাকা দুটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। বুধবার ভোররাত পৌনে ৪টার দিকে ঘটা এই ঘটনায় বাসের ভেতর ঘুমিয়ে থাকা ২৫ বছর বয়সী এক হেলপার নিহত হয়েছেন। নিহত মো. সিয়াম বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের বাসিন্দা কবির হোসেনের ছেলে।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, দুর্বৃত্তদের দেওয়া আগুনে বরিশাল মালিক সমিতির ‘বাহক’ (বরিশাল মেট্রো-ব ১১-০১৩২) এবং ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ (খুলনা মেট্রো-ব ১১-০০৫১) নামের বাস দুটি ভস্মীভূত হয়। ‘লিসা’ বাসের মালিক ঝালকাঠি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহ আলম সরদার এবং ‘বাহক’ বাসের মালিক ঝালকাঠির অমিত পাল।
ঘটনার সময় স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দেন। খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আশপাশের বাসে ঘুমিয়ে থাকা চালক ও সহকারীদের ঘুম থেকে জাগিয়ে নিরাপদে সরিয়ে নেয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনলে ‘বাহক’ বাস থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়।
ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান জানান, ভাণ্ডারিয়া একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হওয়ায় রাতে বাসস্ট্যান্ড এলাকায় প্রচুর বাসের আনাগোনা থাকে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে মঙ্গলবার রাতে প্রশাসনের উদ্যোগে বাসগুলো কালেমা চত্বরে সুশৃঙ্খলভাবে রাখা হয়েছিল, তবুও এ ধরনের নাশকতামূলক ঘটনা ঘটল। তবে পুলিশের টহল দল তৎপর থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে অন্য বাসগুলো রক্ষা পেয়েছে।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান জানান, রাতে বাস দুটি পোড়ানোর ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এই নাশকতার সাথে জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।