প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে প্রতারণার একটি মামলায় কারাগারে পাঠানো হয়েছে। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদ তার জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্ট থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
মামলার বিবরণে জানা যায়, বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির ঘটনায় প্রতারণার অভিযোগে ২০০৮ সালের ফেব্রুয়ারিতে গুলশান থানায় বিদিশার বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার। ওই মামলায় আদালত তাকে দুই বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছিলেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। বিদিশার বিরুদ্ধে এই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল, যার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়।
আদালতে বিদিশা সিদ্দিকের পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী আতিকুর রহমান। অন্যদিকে রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর সৈয়দ গোলাম মর্তুজা ইবনে ইসলাম জামিনের তীব্র বিরোধিতা করে তাকে জেলহাজতে পাঠানোর আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত বিদিশাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।