শনিবার (৩১ অক্টোবর) সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে মিরপুরের আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু রোগী শনাক্তকরণ ও চিকিৎসার জন্য ‘মোবাইল ফিভার ক্লিনিক’ সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ১৫শ গাড়ি নিয়ে বিলাসবহুল লং ড্রাইভে যাওয়া বন্ধ করুন। তার পরিবর্তে জনসেবামূলক কাজে অংশ নেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, শুধু দুই-একদিন ভোরবেলা ঝাড়ু হাতে ফটোসেশন করলেই চলবে না। দলমত নির্বিশেষে দেশের ও ফ্যাসিবাদের রেখে যাওয়া সমস্ত জঞ্জাল একসঙ্গে পরিষ্কার করতে হবে। তিনি আরও বলেন, একটি বিরোধী দল আজও জনসভার পুরনো রাজনীতি আঁকড়ে ধরে পড়ে আছে। তারা কেবল বক্তৃতার রাজনীতি করতে চায়, অথচ তাদের বক্তৃতা এখন আর সাধারণ মানুষ শুনতে চায় না। বর্তমান সরকার জনসেবার নতুন রাজনীতির সূচনা করেছে বলেও উল্লেখ করেন তিনি।
মিরপুরের এই মোবাইল ফিভার ক্লিনিক প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, একে শুধু জ্বর পরীক্ষার কেন্দ্র নয়, বরং একটি পূর্ণাঙ্গ ছোটখাটো হাসপাতালে রূপান্তর করা হয়েছে। এখানে সাধারণ ডেঙ্গু পরীক্ষার পাশাপাশি গাইনি, শিশু ও চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা নিশ্চিত করা হয়েছে। এছাড়াও উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষার জন্য ‘ডট কর্নার’ এবং মা-শিশুদের পুষ্টি ও পরিবার পরিকল্পনা সেবার সুবিধা রাখা হয়েছে, যা স্থানীয় বাসিন্দারা বিনামূল্যে পাচ্ছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে সরকারি ও বিরোধী দলের সকলকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের মতো দেশের জঞ্জাল পরিষ্কারে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।