বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের আমন্ত্রণ বহাল রয়েছে এবং এ নিয়ে কোনো তাড়াহুড়ার প্রয়োজন নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ত্রিবেদী স্পষ্ট করেন যে, দুই দেশের প্রধানমন্ত্রী যখন তাদের সুবিধাজনক সময় নির্ধারণ করবেন, তখনই সফরটি সম্পন্ন হবে। এ নিয়ে আমার মনে হয় না এবার কোনো তাড়াহুড়ার প্রয়োজন আছে। তার সঙ্গে আমার ভালো সম্পর্ক গড়ে উঠেছে।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর এবং নভেম্বরে কোনো তারিখ চূড়ান্ত হওয়ার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে হাইকমিশনার বলেন, প্রধানমন্ত্রীর সফর নিয়ে আগের আলোচনার প্রেক্ষিতে আবারও নিশ্চিত করছি যে, আমাদের আমন্ত্রণ এখনো রয়েছে। সবকিছু ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে তাড়াহুড়ার কোনো কারণ নেই, যখন সময় হবে তখনই এটি হবে। তিনি আরও বলেন, আমি নিজেও ইতিবাচক, মাননীয় প্রতিমন্ত্রী ইতিবাচক এবং বাংলাদেশের মানুষের মধ্যেও একই ইতিবাচক মনোভাব লক্ষ্য করছি। বিষয়টি একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছে এবং উভয় দেশের রাজনৈতিক বাস্তবতাও এর সঙ্গে জড়িত।
হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠকটিকে তিনি একটি একান্তই সৌজন্য সাক্ষাৎ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, প্রতিমন্ত্রী আগে থেকেই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং এখনো সেই ধারা অব্যাহত রেখেছেন। তার নতুন দায়িত্বের জন্য শুভকামনা জানাতে এবং ভারতের পক্ষ থেকে অভিনন্দন পৌঁছে দিতেই এই সাক্ষাতের আয়োজন ছিল। তিনি জানান, এই বৈঠকে কোনো নির্দিষ্ট এজেন্ডা বা দাপ্তরিক বিষয় নিয়ে আলোচনা হয়নি। নিউইয়র্কে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সফরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেখানে চমৎকার বৈঠক হয়েছে এবং প্রতিমন্ত্রীর মাধ্যমে তিনি প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা পৌঁছে দিয়েছেন। পরিশেষে, তিনি প্রতিমন্ত্রীর সততা ও স্পষ্টভাষী আচরণের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের মধ্যে গড়ে ওঠা সুসম্পর্কের কথা ব্যক্ত করেন। তিনি বলেন, তিনি আগে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, এখনো আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। আমি তাকে অত্যন্ত সৎ, স্পষ্টভাষী ও খোলামেলা মানুষ হিসেবে দেখি।