রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশকে অস্থিতিশীল করতে একটি মহল নানাভাবে গুজব ছড়াচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে উসকানিমূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে। এ ধরনের অপতৎপরতা রুখতে ধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতা বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, আমাদের সবার গর্বিত পরিচয় হলো আমরা সবাই বাংলাদেশি। এই দেশ আমাদের সবার এবং নাগরিক হিসেবে প্রত্যেকের সমান অধিকার রয়েছে। নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতি অনুযায়ী জীবনযাপন করা প্রতিটি নাগরিকের সাংবিধানিক মৌলিক অধিকার। বর্তমান সরকার ও বিএনপি ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই মূলনীতিতে বিশ্বাসী এবং রাষ্ট্রের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।