ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় এশিয়ান টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি কাজী আশরাফ (৪৮) নিহত হয়েছেন। রোববার সকাল সাতটার দিকে মোটরসাইকেলযোগে ঢাকা যাওয়ার পথে দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে তাঁর সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন এবং পরবর্তী সময়ে দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত কাজী আশরাফের বাড়ি লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর মহল্লায়।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসা সহকারী মো. আক্তারুজ্জামান জানান, গুরুতর আহত সাংবাদিকের বাম হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এ ছাড়া তাঁর মাথা, পা ও বুকে মারাত্মক জখম থাকায় আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছিল।
ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট আজাদুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে ঘটনার পর থেকে বাসের চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।