দক্ষিণ চীন সাগরে আবারও উত্তেজনা তৈরি হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরবেলা যুক্তরাষ্ট্রের ‘ইউএসএস চার্লটন’ নামক একটি যুদ্ধজাহাজ স্প্র্যাটলি দ্বীপপুঞ্জের সাবিনা শোয়াল এলাকায় প্রবেশ করে। চীনের সামরিক বাহিনীর দাবি, তাদের অনুমতি ছাড়াই মার্কিন এই জাহাজটি ওই জলসীমায় ঢুকে পড়েছে, যা দেশের সার্বভৌমত্ব ও সাগরের নিরাপত্তা বিঘ্নিত করছে। এ ঘটনার পরপরই চীনা নৌবাহিনী মার্কিন জাহাজটির ওপর কড়া নজরদারি শুরু করেছে। তবে এই অভিযোগের বিপরীতে ফিলিপাইন জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় চলাচলের জন্য কোনো অনুমতির প্রয়োজন নেই এবং মার্কিন জাহাজটি কোনো নিয়ম ভঙ্গ করেনি। চীনের সামরিক বাহিনী জানিয়েছে, মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস চার্লটন’ তাদের অনুমতি ছাড়া স্প্র্যাটলি দ্বীপপুঞ্জের সাবিনা শোয়ালের কাছে চলে আসে।
একই দিনে তাইওয়ানের কাছাকাছি প্রাটাস দ্বীপপুঞ্জ এলাকাতেও উত্তেজনাকর পরিস্থিতি দেখা দিয়েছে। সেখানে একটি চীনা জাহাজ প্রবেশ করলে তাইওয়ানের কোস্ট গার্ড বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে মাইকে পাল্টাপাল্টি বক্তব্য বিনিময় হয়। তাইওয়ানের জাহাজ থেকে নিজেদের স্বাধীন দেশ হিসেবে দাবি করা হলে চীনা জাহাজ তা সরাসরি অস্বীকার করে। উল্লেখ্য, গণতান্ত্রিক তাইওয়ানকে চীন সবসময়ই নিজেদের অংশ হিসেবে দাবি করে আসছে। অঞ্চলটিতে চীনের নিয়মিত সামরিক তৎপরতা বৃদ্ধি পাওয়ায় পশ্চিমা বিশ্বেও উদ্বেগ বাড়ছে। অন্যদিকে, একই সময়ে সাগরটির ওপরের অংশে তাইওয়ানের নিয়ন্ত্রণাধীন এলাকার কাছে একটি চীনা জাহাজের সঙ্গে তাইওয়ানিজ কোস্ট গার্ডের মুখোমুখি অবস্থানের ঘটনা ঘটেছে।