রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার পিওএইচএস-১ হাউজিংয়ে অবস্থিত একটি আড়াইতলা বাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮৪ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ব্যক্তিদের মধ্যে ৫৮ জন তরুণ ও ২৬ জন তরুণী রয়েছেন। এই বাসার মালিক পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির। ঘটনার প্রেক্ষিতে তাকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্সের এক অফিস আদেশে তার প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে সোমবার রাত ১২টা থেকে শুরু হওয়া এই অভিযান মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত স্থায়ী ছিল। জানা গেছে, সোমবার (১৯ অক্টোবর) রাত ১২টার দিকে ওই ভবনে অভিযান শুরু হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।
তিনি জানান, বাসাটি এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দেওয়া হয়েছিল এবং সেখানে ডিজে পার্টিসহ অবৈধ মাদক সেবনের আসর চলছিল। সেখানে অবৈধভাবে মাদক সেবন ও ডিজে পার্টির আয়োজন করা হচ্ছিল।
আটক ব্যক্তিদের মধ্যে একজন আফগান নাগরিকও রয়েছেন। জব্দকৃত মাদকদ্রব্য ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, তবে ডিএমপির পক্ষ থেকে এখন পর্যন্ত বিস্তারিত তথ্য জানানো হয়নি।