ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করা, পরিচালনা পর্ষদে পারিবারিক নিয়ন্ত্রণ হ্রাস এবং রাজনৈতিক হস্তক্ষেপ সীমিত করতে সরকার ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’ সংশোধনের একটি খসড়া প্রস্তুত করেছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের তৈরি এই খসড়ায় ব্যাংকের পর্ষদে বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে।
প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, ব্যাংকের পরিচালনা পর্ষদে মন্ত্রী, সংসদ সদস্য (এমপি) এবং স্থানীয় সরকারের প্রতিনিধিদের নিয়োগের সুযোগ পুরোপুরি বন্ধ করা হচ্ছে।
এমনকি তাদের ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কিংবা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে দায়িত্ব পালনের পথও বন্ধ করার প্রস্তাব করা হয়েছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান আবদুল হাই সরকার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, পরিচালনা পর্ষদ থেকে রাজনৈতিক ব্যক্তিদের দূরে রাখাই ব্যাংকিং খাতের জন্য ইতিবাচক।
পরিচালকদের দায়িত্ব পালনের মেয়াদের ক্ষেত্রেও কঠোর হচ্ছে সরকার। বর্তমানে একজন পরিচালক একটানা সর্বোচ্চ ১২ বছর দায়িত্ব পালন করতে পারেন, যা কমিয়ে ছয় বছর করার প্রস্তাব করা হয়েছে। ছয় বছর দায়িত্ব পালনের পর পুনরায় পরিচালক হতে চাইলে তাকে বাধ্যতামূলকভাবে তিন বছর বিরতিতে থাকতে হবে। উল্লেখ্য, ২০১৮ সালের আগে এই মেয়াদ ছয় বছর থাকলেও, পরে তা বাড়িয়ে নয় বছর এবং সবশেষে ২০২৩ সালে ১২ বছর করা হয়েছিল।
ব্যাংকের পর্ষদে একই পরিবারের সদস্যদের আধিপত্য কমাতেও নতুন নিয়ম আসছে। বর্তমানে একটি ব্যাংক থেকে একটি পরিবারের সর্বোচ্চ তিনজন পরিচালক হতে পারেন, যা কমিয়ে দুজনের প্রস্তাব করা হয়েছে। এছাড়া পরিবারের নিয়ন্ত্রণাধীন বা স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে প্রতিনিধি পরিচালক রাখার সংখ্যা দুজনের পরিবর্তে একজনে নামিয়ে আনা হচ্ছে।
স্বতন্ত্র পরিচালক নিয়োগের ক্ষেত্রেও বিধিনিষেধ জোরদার করা হয়েছে। বর্তমানে ২০ সদস্যের পর্ষদে অন্তত তিনজন স্বতন্ত্র পরিচালক থাকার নিয়ম থাকলেও, প্রস্তাব অনুযায়ী তা বাড়িয়ে চারজন করা হবে। ২০ জনের কম সদস্যের পর্ষদের ক্ষেত্রে স্বতন্ত্র পরিচালকের ন্যূনতম সংখ্যা দুজন থেকে বাড়িয়ে তিনজন করার কথা বলা হয়েছে। এছাড়া স্বতন্ত্র পরিচালকের যোগ্যতার ক্ষেত্রে নিয়োগের আগের তিন বছর ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানের সঙ্গে স্বার্থের সম্পর্ক থাকা যাবে না বলে শর্ত জুড়ে দেওয়া হয়েছে।
ব্যাংক পরিচালক পদ হারানোর পর ঋণ পরিশোধের বিষয়েও নতুন আইনের খসড়ায় কঠোর বিধান রাখা হয়েছে। কোনো পরিচালকের পদ শূন্য হলে সংশ্লিষ্ট ব্যাংক থেকে নেওয়া ঋণের সম্পূর্ণ বকেয়া পরিশোধ করতে হবে। এক্ষেত্রে পুনঃতফসিল বা ঋণ নিয়মিত করার কোনো সুযোগ থাকবে না। পাশাপাশি, কোনো পরিচালক টানা তিন মাসের বেশি পর্ষদ সভায় অনুপস্থিত থাকার ছুটি নিতে পারবেন না এবং বছরে একবারের বেশি এ ধরনের ছুটি নেওয়ার সুযোগও বাতিল করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি ও হস্তক্ষেপের ক্ষমতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে প্রস্তাবিত আইনে। আমানতকারীদের স্বার্থের পরিপন্থী কাজ করলে বাংলাদেশ ব্যাংক সরাসরি পর্ষদ বাতিল করে নতুন পর্ষদ গঠনের ক্ষমতা পাবে। এভাবে গঠিত নতুন পর্ষদের মেয়াদ সর্বোচ্চ তিন বছর হবে। তবে দেশি-বিদেশি কৌশলগত বিনিয়োগকারীদের ক্ষেত্রে কিছু সীমা শিথিল করার ক্ষমতা বাংলাদেশ ব্যাংকের হাতে থাকবে, যেখানে কেন্দ্রীয় ব্যাংক বিনিয়োগকারীদের যোগ্যতা ও প্রয়োজনীয় শর্ত নির্ধারণ করবে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, প্রস্তাবিত সংশোধনীর মাধ্যমে ব্যাংক পরিচালনায় রাজনৈতিক ও পারিবারিক প্রভাব কমানোর পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের নজরদারির ক্ষমতাও বাড়ানো হবে। তবে এসব পরিবর্তন এখনো প্রস্তাবিত সংশোধনীর অংশ।
বর্তমানে প্রস্তাবিত এই আইনটি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তৈরি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সুপারিশের ভিত্তিতে এই খসড়াটি অর্থমন্ত্রীর অনুমোদন পাওয়ার পর মন্ত্রিসভায় উপস্থাপনের অপেক্ষায় রয়েছে। মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হলেই কেবল এই বড় পরিবর্তনগুলো কার্যকর করা সম্ভব হবে।