জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জাক্সা) মঙ্গলের উপগ্রহ ফোবোসের মাটি ও পৃষ্ঠের উপাদান পৃথিবীতে ফিরিয়ে আনার লক্ষ্যে একটি মহাকাশ অভিযানের পরিকল্পনা করেছে। সফল হলে মঙ্গলের কোনো উপগ্রহে অবতরণ করে সেখান থেকে নমুনা সংগ্রহের ক্ষেত্রে এটি হবে বিশ্ব ইতিহাসে প্রথমবারের মতো কোনো ঘটনা। ফোবোস মঙ্গলের দুটি প্রাকৃতিক উপগ্রহের একটি।
জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে ও আনাদোলু এজেন্সির তথ্যমতে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কাগোশিমা প্রিফেকচারের তানেগাশিমা মহাকাশ কেন্দ্র থেকে এইচ-৩ রকেটের মাধ্যমে এই মহাকাশযানটি উৎক্ষেপণ করা হবে। ‘মার্সিয়ান মুনস এক্সপ্লোরেশন’ বা এমএমএক্স নামে পরিচিত এই প্রকল্পে প্রায় ৫৫৩ কোটি ইয়েন বা প্রায় ৩৫ কোটি মার্কিন ডলার ব্যয় ধরা হয়েছে।
অভিযানটিতে তিনটি মডিউল অন্তর্ভুক্ত রয়েছে এবং এতে নমুনা সংগ্রহের সরঞ্জামের পাশাপাশি অত্যাধুনিক পর্যবেক্ষণ যন্ত্র ও উচ্চ রেজল্যুশনের ক্যামেরা যুক্ত থাকবে। এসব যন্ত্রের সাহায্যে ফোবোসের পৃষ্ঠ পর্যবেক্ষণ ও নমুনা সংগ্রহ করা হবে।
উৎক্ষেপণের প্রায় এক বছর পর মহাকাশযানটি মঙ্গল গ্রহের কক্ষপথে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। সেখানে প্রায় তিন বছর ধরে মঙ্গল ও এর উপগ্রহগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।
প্রকল্পের লক্ষ্য অনুযায়ী, নমুনা সংগ্রহের মডিউলটি ২০৩২ সালের মার্চে জাপানের অর্থবছর শেষ হওয়ার আগেই পৃথিবীতে ফিরে আসবে।
বিজ্ঞানীদের মতে, ফোবোসের পৃষ্ঠের উপাদান বিশ্লেষণ করলে মঙ্গলের উপগ্রহগুলোর উৎপত্তি এবং সৌরজগতের বিবর্তন সম্পর্কে নতুন ও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া সম্ভব হবে।
উন্নত গবেষণাগারে এই নমুনা পরীক্ষার মাধ্যমে ফোবোসের সৃষ্টি নিয়ে প্রচলিত বৈজ্ঞানিক ধারণাগুলো যাচাই করা হবে।