বিশ্বখ্যাত সংগীতশিল্পী একন সম্প্রতি এক অবিশ্বাস্য অভিজ্ঞতার কথা জানিয়েছেন। মধ্যপ্রাচ্যের একটি প্রভাবশালী পরিবারের ব্যক্তিগত অনুষ্ঠানে গান গাওয়ার জন্য তিনি এক মিলিয়ন ডলার বা প্রায় ১২ কোটি টাকার বেশি পারিশ্রমিক নিয়েছিলেন। তবে অনুষ্ঠানের আয়োজক ও বিশাল প্রস্তুতির বিপরীতে শ্রোতা হিসেবে উপস্থিত ছিলেন মাত্র তিনজন। সম্প্রতি ‘ফ্ল্যাগর্যান্ট’ পডকাস্টে ক্যারিয়ারের এই অদ্ভুত কনসার্টের বিস্তারিত তুলে ধরেন এই শিল্পী।
একন জানান, ওই পরিবারের এক তরুণী তাঁর ভীষণ ভক্ত ছিলেন, আর মূলত তাঁর জন্যই এই বিশেষ আয়োজনের ব্যবস্থা করা হয়েছিল। অনুষ্ঠানের ব্যাপকতা দেখে একন শুরুতে ভেবেছিলেন এটি কোনো বিশাল কনসার্ট হতে যাচ্ছে। তাঁর পুরো ট্যুরিং দল, সাউন্ড ইঞ্জিনিয়ার, লাইটিং টিম, রোড ম্যানেজার এবং বিজনেস ম্যানেজারসহ বিশাল বহর নিয়ে তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন। আয়োজকরা তাঁর সব চাহিদা পূরণ করেছিলেন এবং অনুষ্ঠানের জন্য ছিল এলাহি আয়োজন।
অনুষ্ঠানে যাওয়ার জন্য একনের জন্য পাঠানো হয়েছিল বিশেষ একটি ৭৪৭ উড়োজাহাজ। একনের ভাষ্যমতে, সেই উড়োজাহাজটি ছিল বিলাসবহুল, যেখানে আলাদা শোবার ঘর, শাওয়ার, গেম রুম ও থিয়েটারের সুবিধা ছিল। এত বড় আয়োজন দেখে তিনি নিশ্চিত ছিলেন যে সেখানে অনেক দর্শক থাকবেন। কিন্তু মঞ্চে যাওয়ার পর তাঁর সেই ধারণা পুরোপুরি বদলে যায়। বিশাল একটি হলের মধ্য দিয়ে তাঁকে নিয়ে যাওয়া হয়, যেখানে ছিল বিশাল মঞ্চ, এলইডি লাইট ও লেজারসহ নানা আধুনিক সরঞ্জাম। অথচ দর্শকদের জন্য রাখা হয়েছিল মাত্র তিনটি চেয়ার।
একন বলেন, ‘তারা আমাকে বিশাল একটি হলের মধ্য দিয়ে নিয়ে গেল। সেখানে ছিল শুধু তিনটি চেয়ার, বিশাল মঞ্চ, এলইডি লাইট, লেজার এবং সবকিছু। আমি মঞ্চের পাশে বসে আমার দর্শকদের জন্য অপেক্ষা করছিলাম।’ এরপর সেখানে পরিবারের তিন সদস্য—মেয়ে, ছেলে ও স্ত্রী উপস্থিত হন। মেয়েটি একনের বড় ভক্ত হওয়ায় বেশ উচ্ছ্বসিত ছিলেন। পরিবেশনা শুরুর পর এক পর্যায়ে মেয়েটি একনকে থামিয়ে দিয়ে তাঁর জনপ্রিয় গান ‘মিস্টার লোনলি’ গাওয়ার আবদার করেন।
একন বলেন, ‘সে বলল, “আমি মিস্টার লোনলি শুনতে চাই।” আমি বললাম, “এটাই?” সে বলল, “হ্যাঁ, আগে এটা গাইতে পারেন?”’ গানটি শেষ হওয়ার পরপরই মেয়েটি আবারও একই গান শোনার অনুরোধ জানান। এভাবে পুরো এক ঘণ্টা তাঁকে শুধু ‘মিস্টার লোনলি’ গানটিই বারবার গাইতে হয়েছে। ঘটনাটি বর্ণনা করতে গিয়ে একন মজা করে বলেন, তাঁকে অনেকটা সিডি প্লেয়ারের মতো ব্যবহার করা হচ্ছিল। পুরো ট্যুরিং দল ও প্রযুক্তিবিদরা অবাক হয়েছিলেন যে, এত বড় আয়োজনে শেষ পর্যন্ত মাত্র তিনজন দর্শকের সামনে একই গান বারবার গাইতে হচ্ছে।
এই পুরো আয়োজনের খরচের বিষয়েও একন তথ্য দিয়েছেন। তাঁর মতে, তাঁর পারিশ্রমিক ও মঞ্চের আয়োজন মিলিয়ে পুরো অনুষ্ঠানে প্রায় ৫০ লাখ ডলার খরচ হয়েছিল। পরে পুরো ঘটনা নিয়ে রসিকতা করে একন বলেন, ‘আমি মনে মনে ভাবছিলাম, তারা যদি আগে আমাকে সবকিছু বলে দিত, আমি তাদের এত টাকা বাঁচিয়ে দিতে পারতাম। অর্ধেক টাকা নিয়েই তাদের বসার ঘরে গিয়ে এক ঘণ্টা কারাওকে করতে পারতাম।’ তাঁর এই কথায় পডকাস্টের সবাই হেসে ওঠেন।
উল্লেখ্য, ২০০৪ সালে প্রথম অ্যালবাম ‘ট্রাবল’ প্রকাশের পর আন্তর্জাতিক সংগীতাঙ্গনে পরিচিতি পান সেনেগালিজ-আমেরিকান সংগীতশিল্পী, গীতিকার ও প্রযোজক একন। এই অ্যালবামের ‘লকড আপ’ ও ‘লোনলি’ গান তাঁকে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তোলে। পরবর্তী সময়ে ‘স্ম্যাক দ্যাট’, ‘আই ওয়ানা লাভ ইউ’, ‘ডোন্ট ম্যাটার’, ‘বিউটিফুল’ ও ‘রাইট নাউ (না না না)’–সহ একাধিক জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। সংগীতের পাশাপাশি প্রযোজক ও উদ্যোক্তা হিসেবেও তিনি বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছেন।