মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের নারায়ণক্ষেত্র গ্রামে জেসি চৌধুরী (১৮) নামের এক তরুণীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে নিজ বাড়িতে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নিহত জেসি ওই গ্রামের জামাল চৌধুরী ও রুবি বেগমের মেয়ে। জেসির চাচা কামাল হোসেন চৌধুরী জানান, সকালে ঘুম থেকে ওঠার পর জেসি স্বাভাবিকভাবেই তার দৈনন্দিন কাজ করছিলেন। পরে পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
ঘটনাস্থল থেকে পুলিশ একটি চিরকুট উদ্ধার করেছে। সেখানে লেখা ছিল, ‘সবে আমারে মাফ করে দিও। আমি মানসিক কষ্ট আর নিতে পারছি না।’ এই চিরকুটটি মৃত্যুর কারণ অনুসন্ধানে গুরুত্বপূর্ণ আলামত হিসেবে বিবেচনা করা হচ্ছে।
কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাজিব রায় জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।