যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় সন্দেহভাজন হামলাকারীসহ মোট ছয়জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুটি বাড়ি ও একটি বনাঞ্চলে ব্যাপক তল্লাশি চালিয়ে এই মরদেহগুলো উদ্ধার করা হয়। এছাড়া এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরও একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিশিগান স্টেট পুলিশের তথ্য অনুযায়ী, ডেট্রয়েট থেকে প্রায় ১৬৯ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত মিসাউকি কাউন্টির একটি বাড়িতে প্রথম গুলির ঘটনার খবর পায় আইন প্রয়োগকারী সংস্থা। দুপুরের ঠিক আগে পুলিশ সেখানে পৌঁছে তিনজনকে মৃত এবং একজনকে গুরুতর আহত অবস্থায় পায়।
তদন্তকারীরা জানিয়েছেন, ৩৯ বছর বয়সী সন্দেহভাজন হামলাকারী চ্যাড হিকম্যান পুলিশ পৌঁছানোর আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে ধরতে তাৎক্ষণিকভাবে বড় পরিসরে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। এই অভিযান চলাকালে অন্য একটি বাড়ি থেকে চতুর্থ আরেক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। সে সময় পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) পোস্টের মাধ্যমে বাসিন্দাদের সতর্ক করে জানায় যে, হিকম্যান অত্যন্ত ‘সশস্ত্র ও বিপজ্জনক’। তাকে দেখা মাত্রই কাছে না গিয়ে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ করা হয়।
পরবর্তীতে হুইটলক লেকের কাছের একটি জঙ্গলাকীর্ণ এলাকা থেকে হিকম্যানের ব্যবহৃত গাড়িটি উদ্ধার করে পুলিশ। সেই সূত্র ধরে বনের ভেতর তল্লাশি চালিয়ে সন্দেহভাজন চ্যাড হিকম্যানের মরদেহের পাশাপাশি আরও একজনের লাশ খুঁজে পাওয়া যায়। প্রাথমিকভাবে এটিকে একটি পরিকল্পিত গুলির ঘটনা হিসেবে তদন্ত করা হচ্ছে। তবে নিহতরা ঠিক কীভাবে মারা গেছেন কিংবা তাদের মধ্যে পূর্ব কোনো শত্রুতা বা সম্পর্ক ছিল কি না, তা এখনও প্রকাশ করেনি পুলিশ। নিহতদের পরিবারকে আনুষ্ঠানিকভাবে অবহিত না করা পর্যন্ত তাদের নাম ও বয়স গোপন রাখা হয়েছে।
মিশিগান স্টেট পুলিশের লেফটেন্যান্ট অ্যাশলি মিলার এক বিবৃতিতে বলেন, “এই পরিস্থিতি পুরো সম্প্রদায়ের জন্য অত্যন্ত হৃদয়বিদারক এবং সংশ্লিষ্ট তদন্তকারীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। আমরা একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ এবং নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা দ্রুত জানানো হবে।” আইন প্রয়োগকারী সংস্থা জনসাধারণকে আপাতত ঘটনাস্থল বা আশেপাশের এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।