যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার মধ্যে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইরানের জন্য কয়েক বিলিয়ন ডলার ছাড় দিতে সম্মত হয়েছে বলে দাবি করেছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইরানের জন্য ১০ থেকে ২০ বিলিয়ন ডলার পর্যন্ত অর্থ ছাড়ের বিষয়ে আলোচনা হয়েছে এবং এর মধ্যে প্রায় ৩ বিলিয়ন ডলার ইতোমধ্যে ছাড় করা হয়েছে বলে কয়েকটি সূত্র জানিয়েছে। খবর আল জাজিরার।
তবে এ দাবি সরাসরি অস্বীকার করেছে ইউএই। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের কোনো জব্দকৃত অর্থ ছাড়, স্থানান্তর বা রূপান্তর করা হয়নি। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত এ ধরনের খবরকে তারা ভিত্তিহীন বলে উল্লেখ করেছে।
প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য এই অর্থ ছাড়ের বিনিময়ে ইরান ইউএইর বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বন্ধ করতে পারে এবং দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হতে পারে।
ইউএই কর্মকর্তারা জানিয়েছেন, তাদের পররাষ্ট্রনীতি আঞ্চলিক উত্তেজনা কমানো, শান্তি প্রতিষ্ঠা এবং স্থিতিশীলতা নিশ্চিত করার ওপর ভিত্তি করে পরিচালিত হয়। তারা অঞ্চলে সংঘাত কমাতে যুক্তরাষ্ট্রের উদ্যোগকেও সমর্থন করে।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও শান্তি চুক্তি নিয়ে আলোচনা চলমান রয়েছে। আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিদেশি ব্যাংকে আটকে থাকা ইরানের বিপুল পরিমাণ অর্থ এবং হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করা।
তবে এখন পর্যন্ত ইরান, যুক্তরাষ্ট্র বা ইউএই—কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে অর্থ ছাড়ের বিষয়ে চূড়ান্ত কোনো চুক্তির ঘোষণা দেয়নি।