যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিমান বাহিনীর একটি ‘বি-৫২’ বোমারু বিমান বিধ্বস্ত হয়ে অন্তত আটজন নিহত হয়েছেন।
বিবিসে জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকাল ১১টা ২০ মিনিটে নিয়মিত পরীক্ষামূলক মিশনে থাকা বিমানটি রানওয়ে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই ভূপাতিত হয়ে আগুনে পুড়ে যায়। দুর্ঘটনার পর আকাশে ঘন কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়।
এডওয়ার্ডস ঘাঁটির কমান্ডার কর্নেল জেমস হেইস জানান, দুর্ঘটনায় প্রাণ হারানো আটজনের মধ্যে সামরিক সদস্য, সরকারি বেসামরিক কর্মকর্তা এবং সরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা ছিলেন।
ঘাঁটি কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে এতে কারও বেঁচে থাকার সুযোগ ছিল না। নিহতদের স্বজনদের অবহিত করার প্রক্রিয়া চলছে। এরপর আনুষ্ঠানিকভাবে তাদের পরিচয় প্রকাশ করা হবে।
কর্নেল হেইস জানান, দুর্ঘটনাটি সম্পূর্ণভাবে ঘাঁটির ভেতরেই সীমাবদ্ধ ছিল এবং ঘটনার পর সাময়িকভাবে সব ধরনের ফ্লাইট কার্যক্রম স্থগিত করা হয়েছে। বিমানটি ঘাঁটির রাডার আধুনিকায়ন কর্মসূচির অংশ হিসেবে পরীক্ষামূলকভাবে উড্ডয়ন করা হয়।