বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষামন্ত্রী: ২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিতে এআই শিক্ষা ১৬ নভেম্বর ইউপি নির্বাচন ও স্মার্ট কার্ড নিয়ে ইসির বৈঠক গাজীপুরের শিল্পাঞ্চলে কঠোর নিরাপত্তায় আনসার বাহিনীর স্ট্রাইকিং ফোর্স ৩০ নভেম্বর পর্যন্ত রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান আইপিএল নিলামে নাম লেখালেন মোস্তাফিজুর রহমান শ্রীমঙ্গলে সমন্বয়ক হাসিবের ওপর হামলা, হামলাকারী শনাক্ত স্বরাষ্ট্রমন্ত্রী: টেকসই প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা ২০২৭: ফি ও পরীক্ষার নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বাড়ায় চড়ছে বিশ্ববাজারে স্বর্ণের দাম দুজন আইসিইউতে, একজন লাইফ সাপোর্টে: নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় আগুন

সাভারের বন্ধ ট্যানারি চালুতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

প্রতিবেদকের নাম

সাভার চামড়া শিল্পনগরীতে স্থানান্তরিত হওয়ার পরও যেসব ট্যানারি এখনো উৎপাদনে আসতে পারেনি, সেগুলোকে সচল করতে সরকার কারিগরি ও আর্থিক সহায়তার উদ্যোগ নিয়েছে। বুধবার (১১ নভেম্বর) রাজধানীর শেরাটন হোটেলে ‘বাংলাদেশ-নেদারল্যান্ডস টেকসই বাণিজ্য ফোরাম ২০২৬ এবং সিবিআই হোম টেক্সটাইল ও লেদার কর্মসূচির’ উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। অনুষ্ঠানে নেদারল্যান্ডসের উন্নয়নশীল দেশ থেকে আমদানি উন্নয়ন কেন্দ্র (সিবিআই) ও লাইটক্যাসেল পার্টনার্স যৌথভাবে সহায়তা করেছে।

বাণিজ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, পরিবেশগত বিধিবিধান মানতে ব্যর্থ কোনো ট্যানারিকেই কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হবে না। তিনি বলেন, হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুরে ট্যানারি স্থানান্তরের দীর্ঘসূত্রতা এই শিল্পের উন্নয়নে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছিল। বর্তমান সরকার এই খাতের সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। পাশাপাশি, প্রতিটি ট্যানারিকে আন্তর্জাতিক লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ অর্জন এবং ৫০ হাজার বর্গফুট বা তার বেশি আয়তনের কারখানায় নিজস্ব তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে দেশের চামড়াশিল্প আন্তর্জাতিক বাজারে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

চামড়াশিল্পের প্রসারে সরকার বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সাভার শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপির সক্ষমতা বৃদ্ধি এবং উন্নত ক্রোমিয়াম পুনরুদ্ধার ইউনিট স্থাপনের কাজ চলছে। গত বছর বাংলাদেশ লেদার ও নন-লেদার মিলিয়ে প্রায় ১ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি করেছে। ইউরোপীয় ইউনিয়ন ও প্রতিবেশী ভারত বাংলাদেশের চামড়াজাত পণ্যের প্রধান বাজার হিসেবে থাকায় পণ্যের মান ও আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখা অপরিহার্য। এই সম্ভাবনাকে কাজে লাগাতে পণ্যের গুণগত মান, পরিবেশগত মানদণ্ড এবং আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী উৎপাদনব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি। ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়নসংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ব্যাংকঋণ গ্রহণের ক্ষেত্রে জটিল নথিপত্র ও প্রক্রিয়াগত বাধার কারণে অনেক সম্ভাবনাময় উদ্যোক্তা প্রয়োজনীয় অর্থায়ন থেকে বঞ্চিত হন।

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, অর্থনৈতিক অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে এ খাতের ভূমিকা অপরিসীম।

বর্তমানে জিডিপিতে এসএমই খাতের অবদান এক-চতুর্থাংশের কম, যা ৬০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা রয়েছে।

উদ্যোক্তাদের ব্যাংকঋণ প্রাপ্তি সহজ করতে এসএমই ফাউন্ডেশনকে পুনর্গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

ইতিমধ্যে ঋণ পুনঃঅর্থায়ন কর্মসূচির বরাদ্দ ৩০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২ হাজার কোটি টাকায় উন্নীত করা হয়েছে, যেখানে ঋণ আদায়ের হার ৯৮ শতাংশ, যা এ খাতের ব্যবসায়িক শৃঙ্খলার প্রমাণ।

বাংলাদেশ ও নেদারল্যান্ডসের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে মন্ত্রী বলেন, টেকসই শিল্পায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং দক্ষতা উন্নয়নে দুই দেশের সহযোগিতা নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। বিশেষ করে হোম টেক্সটাইল ও চামড়াশিল্পে নেদারল্যান্ডসের প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা বাংলাদেশের শিল্পকে বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে নিতে সহায়ক হবে।

অনুষ্ঠানে সিবিআইয়ের নতুন কর্মসূচির উদ্বোধন করা হয়, যা সংশ্লিষ্ট খাতের সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ ও রফতানি সম্প্রসারণে গুরুত্ব দেবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল এবং সেন্টার ফর দ্য প্রমোশন অব ইমপোর্টস ফ্রম ডেভেলপিং কান্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক জুডিথ আরেন্ডস। এছাড়া সরকারি-বেসরকারি খাতের উচ্চপদস্থ প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ