ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ নানা দাবিতে আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতি অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে ঢাকার সাভারের আশুলিয়া এলাকার ৪০টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। শনিবার সকালে কারখানাগুলোর প্রবেশপথে এ সংক্রান্ত নোটিশ টানিয়ে দেওয়া হয়। একই সঙ্গে শ্রমিক অস্থিরতার মুখে আরও ৮টি কারখানায় একদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।
বন্ধ ঘোষণা করা কারখানাগুলোর তালিকায় রয়েছে ফ্যাশন ডট কম লিমিটেড, আলপস এ্যাপারেলস লিমিটেড, ঈগল টেক্সটাইল লিমিটেড, জিহান গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কন্টিনেন্টাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, অ্যাকটিভ কম্পোজিট মিলস লিমিটেড, তাহারাত কম্পোজিট লিমিটেড, আনাম গার্মেন্টস লিমিটেড ও এস-২১ এ্যাপারেলস লিমিটেড। এছাড়াও এনভয় গ্রুপ, রেডিয়ান্স নীটওয়্যার লিমিটেড, নিউ এইজ গার্মেন্টস লিমিটেড, কাইলক নিউ এইজ বিডি লিমিটেড, নিউ এইজ অ্যাপারেলস লিমিটেড, মানতা অ্যাপারেলস লিমিটেড, চান্তিক গার্মেন্টস লিমিটেড, এ আর জিন্স প্রডিউসার লিমিটেড, এফ জি এস ডেনিম ওয়্যার লিমিটেড, আজমত এ্যাপারেলস লিমিটেড, এনভয় ফ্যাশন লিমিটেড এবং এনভয় ডিজাইন লিমিটেডসহ বেশ কিছু প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিস্থিতির অবনতি রোধে মালিকপক্ষ ৪০টি কারখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে এবং ৮টি কারখানায় একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।