চট্টগ্রামের হাটহাজারীতে আত্মীয়ের বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে আবির হোসেন নামের এক ১৬ বছর বয়সী কিশোর। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়াবাজার এলাকার জনতা কনভেনশন হলের সামনে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের সঙ্গে অনুষ্ঠান শেষে মহাসড়কের পাশে দাঁড়ানো অবস্থায় একটি দ্রুতগতির হাইয়েস মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আবির ওই এলাকার চারিয়া পশ্চিম কুলালপাড়ার বাসিন্দা বাপ্পি রহমানের ছেলে এবং পেশায় নির্মাণশ্রমিক ছিল। সে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চারিয়া পশ্চিম কুলালপাড়ার বাসিন্দা বাপ্পি রহমানের ছেলে। অনুষ্ঠানে খাওয়াদাওয়া শেষে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল। যে কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করা হয় এর পাশের সড়কে দাঁড়াতেই ওই কিশোরকে চাপা দেয় একটি দ্রুতগতির হাইয়েস মাইক্রোবাস।
নাজিরহাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ কাজ শুরু করেছে। ঘাতক মাইক্রোবাসটির চালক ও মালিককে শনাক্ত করার চেষ্টা চলছে। এদিকে নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে আবিরের লাশ হস্তান্তর করা হয়েছে। সে নির্মাণশ্রমিকের কাজ করত বলে জানিয়েছে পুলিশ।