তৈরি পোশাকশিল্পের চলমান অস্থিরতা নিরসনে কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দিয়েছে বিজিএমইএ ও বিকেএমইএ। আন্দোলনের নামে ভাঙচুর ও সড়ক অবরোধ অব্যাহত থাকলে এবং শ্রমিকরা কাজে যোগ না দিলে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী রোববার থেকে কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ। শনিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেওয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও বিকেএমইএর ভারপ্রাপ্ত সভাপতি ফজলে শামীম এহসান।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানান, সাম্প্রতিক সময়ে নিম্নতম মজুরি ইস্যুকে কেন্দ্র করে একটি মহল শিল্প খাতে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এর ফলে বিশেষ করে আশুলিয়া, সাভার ও গাজীপুর এলাকার কিছু কারখানায় গত ৭ থেকে ১২ দিন ধরে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। বর্তমানে ১৪৭টি কারখানা এই অস্থিরতার কারণে বন্ধ রাখতে বাধ্য হয়েছেন মালিকরা। তিনি বলেন, শিল্পের নিরাপত্তা ও উৎপাদনের অনুকূল পরিবেশ না থাকায় কারখানাগুলো সচল রাখা অসম্ভব হয়ে পড়েছে। ফলে বাধ্য হয়েই তারা এই কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। এতে সামগ্রিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
সংবাদ সম্মেলনে শ্রম আইনের ১৩(১) ধারার প্রসঙ্গ টেনে বলা হয়, কোনো প্রতিষ্ঠানের শাখায় বেআইনি ধর্মঘটের কারণে মালিক প্রতিষ্ঠান বা অংশবিশেষ বন্ধ রাখতে পারেন এবং এ অবস্থায় ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকরা কোনো মজুরি পাবেন না। মাহমুদ হাসান খান বলেন, অধিকাংশ শ্রমিক কাজে ফেরার জন্য আগ্রহী এবং তারা শান্তিপূর্ণ পরিবেশে কাজ করতে চান। কিন্তু কিছু উসকানিদাতা শ্রমিক অন্য কর্মীদের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক বের করে আনছেন। কারখানার গেটে ইট-পাটকেল নিক্ষেপসহ অরাজক পরিস্থিতির কারণে সাধারণ শ্রমিকরা কাজ চালিয়ে যেতে পারছেন না। শ্রম আইনের ১৩(১) ধারায় বলা হয়েছে, ‘কোনো প্রতিষ্ঠানের কোনো শাখা বা বিভাগে বে-আইনি ধর্মঘটের কারণে মালিক ওই শাখা বা প্রতিষ্ঠান আংশিক বা সম্পূর্ণ বন্ধ করে দিতে পারবেন। তবে কিছু বিপথগামী শ্রমিক বাইরের বিভিন্ন মহলের উসকানি ও প্ররোচনায় নিয়মিত বিশৃঙ্খলা সৃষ্টি করছেন।
মজুরি বোর্ডের বিষয়ে তিনি বলেন, ১ নভেম্বর মজুরি বোর্ড গঠিত হয়েছে এবং শ্রমিক অসন্তোষ শুরু হয় অক্টোবরের শেষ সপ্তাহে। মজুরি বোর্ড গঠিত হওয়ার পরও ভাঙচুর ও আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। প্রথম সভাতেই নতুন মজুরি কবে থেকে কার্যকর হবে তা ঘোষণা করা হয়েছে। এর পরও এই অরাজকতার মূল উদ্দেশ্য মালিকদের চাপে ফেলে অযৌক্তিক মজুরি ঘোষণা করানো কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। শ্রমিক সংগঠনগুলোর কার্যকারিতা নিয়েও অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, অধিকাংশ মাঠপর্যায়ের নেতা ও শ্রমিক প্রতিনিধি সাধারণ কর্মীদের নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছেন। তবে অত্যন্ত দুঃখের বিষয়, এ সংকট উত্তরণে শ্রমিক সংগঠনগুলো যে ভূমিকা পালনের চেষ্টা করেছে, তা যথেষ্ট কার্যকর হয়নি। যদি আন্দোলনের কারণ মজুরি-সংক্রান্ত দাবি হয়ে থাকে, তাহলে মজুরি বোর্ড গঠনের পরও শ্রমিক আন্দোলন ও কারখানা ভাঙচুরের মতো ঘটনা কোনোভাবেই যৌক্তিক নয়।
এদিকে, শনিবার বিজিএমইএ ও বিকেএমইএর যৌথ জরুরি সভায় দেড় হাজারের বেশি মালিক অংশ নেন।
সেখানে আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ থাকলেও পরিস্থিতির পরিবর্তন না হলে তা অর্থহীন হয়ে পড়বে বলে মালিকরা মত দেন। তবে দায়িত্বশীল জায়গা থেকে আগামী ১৬ নভেম্বরের মজুরি বোর্ডের বৈঠকে তারা অংশগ্রহণ করবেন। সবশেষে বিকেএমইএর ভারপ্রাপ্ত সভাপতি ফজলে শামীম এহসান বলেন, বর্তমানে শিল্প খাত এক ক্রান্তিকাল পার করছে। এ অবস্থায় এমন কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না, যা পুরো পোশাক শিল্পের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। মালিক ও শ্রমিকদের সম্মিলিত প্রচেষ্টায় এই খাতকে টিকিয়ে রাখার আহ্বান জানান তিনি।